নেতাকর্মীদের হুড়োহুড়ি
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৩ ১৯:৪০ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৩ ২০:৪৯ পিএম
গুরুতর আহত আ জ ম নাছির উদ্দীনকে দ্রুত নেওয়া হয় হাসপাতালে। প্রবা ফটো
চট্টগ্রামে এক অনুষ্ঠানে কাচের দরজা ভেঙে আহত হয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
শনিবার (৪ মার্চ) বিকালে নগরীর কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের দলীয় ওই অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কয়েকজন মন্ত্রী-উপমন্ত্রীও ছিলেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি সদ্যপ্রয়াত মোছলেম উদ্দিন আহমদের স্মরণে এই সভা আয়োজন করা হয়েছিল।
চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘প্রয়াত নেতা মোছলেম উদ্দিন আহমদের শোকসভা শেষে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। অনুষ্ঠান শেষে হুড়োহুড়িতে কাচের দরজা ভেঙে নাছির মাথায় আঘাত পেয়েছেন।’
স্মরণসভা শেষে সন্ধ্যা সোয়া ৬টার দিকে যখন ওবায়দুল কাদেরসহ শীর্ষ নেতারা বের হচ্ছিলেন, তখন নেতাকর্মীদের প্রবল চাপে কনভেনশন সেন্টারের তিনটি কাচের দরজার মধ্যে একটি ভেঙে পড়ে। এ সময় ওবায়দুল কাদেরের সঙ্গে নাছির ছাড়াও ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ স্থানীয় নেতারা। দরজা ভেঙে পড়লে আ জ ম নাছিরসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
জানতে চাইলে আ জ ম নাছিরের একান্ত সহকারী রায়হান ইউসুফ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথির বক্তব্য শেষ করে অনুষ্ঠানস্থল ত্যাগ করছিলেন। এ সময় নেতাকর্মীদের হুড়োহুড়ি ও চাপে কনভেনশন সেন্টারে প্রবেশপথের কাচের দরজা ভেঙে যায়। এ সময় অল্পের জন্য বেঁচে যান ওবায়দুল কাদের। রক্তাক্ত অবস্থায় সাবেক মেয়রকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যান নেতাকর্মীরা।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে মেডিকেল সেন্টার হাসপাতালে তার (আ জ ম নাছির উদ্দিন) চিকিৎসা চলছে। মাথায় তিনটি সেলাই পড়েছে।’
গত মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য দেওয়ার সময় মঞ্চ ভেঙে পড়ে আহত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ বেশ কয়েকজন। মঞ্চে ধারণক্ষমতার অতিরিক্ত লোকজন ওঠায় মঞ্চ ভেঙে পড়েছিল বলে তখন বলা হয়।