রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৩ ১৬:০১ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৩ ১৬:২১ পিএম
রাজবাড়ীর শহীদ খুশি রেলওয়ে ময়দানে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য দেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। প্রবা ফটো
খালেদা জিয়া ও তারেক জিয়া নির্বাচনে অযোগ্য বলে জানিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। শনিবার ( ৪ মার্চ ) দুপুরে রাজবাড়ীর শহীদ খুশি রেলওয়ে ময়দানে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দীর্ঘ ২৫ বছর পর এ সম্মেলন হচ্ছে।
পরশ বলেন, ‘খালেদা ও তারেকের একমাত্র বাধা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তার জন্য তারা এ দেশের মানুষকে তাদের প্রতারণা, ভাওতাবাজি এবং দমন-নিপীড়নের শিকার বানাতে পারছেন না। এখন তাদের প্রচেষ্টা এ দেশের মানুষকে তাদের সন্ত্রাসের শিকার বানানো। ২০১৪ সালে আগুন দিয়ে পুড়িয়েছিল, এখন তারা পদযাত্রার নামে পথ খুঁজছে কীভাবে এ দেশের মানুষকে সন্ত্রাস ও নৈরাজ্যের শিকার বানানো যায়।’
তিনি আরও বলেন, ’বিএনপি একটা জিনিসে অভ্যস্ত, সেটা লাশের রাজনীতি। তারা লাশ ফেলার চেষ্টা করছে।’ একটি ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করে বিএনপি নির্বাচন বানচালের চেষ্টা করছে বলেও মন্তব্য করেন পরশ।
এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগ চেয়ারম্যান। পরে জাতীয় নেতা ও জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের মারা যাওয়া নেতাদের স্মরণে শোক প্রস্তাব ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
সম্মেলনে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান এমপি, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিল্লুল হাকিম, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল প্রমুখ।