পিরোজপুর সংবাদদাতা
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২২ ১৭:০৪ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২ ১৮:৩৫ পিএম
নিখোঁজ রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহ বিন কাফী। ছবি : সংগৃহীত
পিরোজপুরে ফেরি থেকে কচা নদীতে পড়ে আবদুল্লাহ বিন কাফী নামের এক রাজস্ব কর্মকর্তা নিখোঁজ হয়েছেন।
সদর উপজেলার বেকুটিয়া ফেরিঘাটে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নিখোঁজ হয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান।
ওসি আ জ ম মাসুদুজ্জামান বলেন, ঘটনার পরপরই তাকে উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা কাজ শুরু করেন। পরে বরিশাল ফায়ার সার্ভিসের তিন ডুবুরি মিলে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। শুক্রবার বেলা ৩টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। ফেরিঘাট এলাকায় প্রচণ্ড স্রোত থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, আবদুল্লাহ বিন কাফী সাতক্ষীরা জেলার সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত। তার বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায়। তিনি সাতক্ষীরা থেকে প্রাইভেটকারে ভোলায় যাচ্ছিলেন। রাত ৯টার দিকে বেকুটিয়া ফেরিতে গাড়ি রেখে চালক টয়লেটে যান। আবদুল্লাহ গাড়ি থেকে নেমে ফেরির পন্টুনে হাঁটাহাঁটি করার সময় নদীতে পড়ে নিখোঁজ হন।
প্রবা/রাই/এমজে