গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০২ মার্চ ২০২৩ ১৩:৪৫ পিএম
আপডেট : ০২ মার্চ ২০২৩ ১৫:২১ পিএম
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পাঁচ দিনব্যাপী কবি সুকান্ত মেলা বুধবার (১ মার্চ) রাতে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম। প্রবা ফটো
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পাঁচ দিনব্যাপী কবি সুকান্ত মেলা শুরু হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও গোপালগঞ্জ জেলা প্রশাসন যৌথভাবে এ মেলার আয়োজন করে। মেলা চলবে আগামী রবিবার পর্যন্ত।
বুধবার (১ মার্চ) রাতে প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, কোটালীপাড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র মতিয়ার রহমান হাজরা, অ্যাডভোকেট দেলোয়ার হোসেনসহ আরও বিশিষ্ঠ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা গেছে, কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিন ১৫ই আগস্ট শোকের মাস হওয়ার কারণে আগেই মেলার আয়োজন করা হয়। উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে কবির পৈত্রিক ভিটায় মেলা শুরু হয়েছে।
মেলাকে ঘিরে উপজেলা জুড়ে বইছে উৎসবের আমেজ। নবরূপে সেজেছে কবির বাড়ি ও আশপাশের এলাকা। প্রতিদিন সুকান্ত মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা পরিবেশন করছেন গান ও নাচ। মেলা উপলক্ষে স্টলগুলোতে কবি সুকান্ত ভট্টাচার্য ছাড়াও বিভিন্ন কবির লেখা বই স্থান পেয়েছে।মেলা দেখতে গোপালগঞ্জ ছাড়াও আশপাশের জেলা থেকে এসেছে নানা বয়সের মানুষ। মেলার মাধ্যমে আসাম্প্রদায়িক চেতনা সকলের মধ্যে ছড়িয়ে পড়বে এমনটাই প্রত্যাশা, সাংস্কৃতিক প্রেমীদের।
দর্শনার্থী জাহিদুল ইসলাম বলেন, ‘উনশিয়া গ্রামে সুকান্ত মেলা হচ্ছে শুনে দেখতে এসেছি, দেখে ভালো লাগছে। তবে কবির পৈত্রিক বাড়ী ঘিরে এখানে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি জানান তিনি।
আরেক দর্শনার্থী প্রীতি লতা বলেন, ‘এ মেলায় বেশ কয়েকটি বইয়ের স্টল বসেছে। মেলায় স্টল ও বইয়ের সংখ্যা বাড়ানোর কথা জানান।’
কবি ও আবৃত্তিশিল্পী প্রদ্যোৎ রায় বলেন, ‘যুগাবতার হয়ে পৃথিবীর শ্রেষ্ঠতম পাললিক ভূখণ্ড আমাদের বাংলাদেশে যত মহামানব এসেছেন, কবি সুকান্ত তাদের মধ্যে অন্যতম। তিনি কেবল একজন কবিই নন, তিনি একজন অনন্য ত্রাতা। তিনি নিপীড়িত মানবতার মুক্তির জন্য সর্বস্ব উজাড় করে দিয়েছেন।’
উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বলেন, ‘দেশী-বিদেশী পর্যাটকরা এখানে এসে কিশোর কবির বাড়ির পর্যবেক্ষণ করতে পারে সেজন্য পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। যাতে দেশে বিভিন্ন স্থান থেকে আগতরা কিশোর কবি সুকান্ত সম্পর্কে জানতে পারে।’
জেলা প্রশাসক মাহবুবুল আলম বলেন, ‘আমরা শুধু মেলার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। যশোরের মধু মেলার মতো সুকান্ত মেলাকেও ওই রূপে নিতে চাই। এ মেলার অংশ হিসাবে কবির সাহিত্য সম্ভার নিয়েও একটি বইমেলা করা হবে। সুকান্ত ফাউন্ডেশনের মাধ্যমে সুকান্ত পদক দেওয়াসহ সাতদিনের মেলা চালু করা হবে। এ মেলাকে আরও প্রাণবন্ত করতে নানা পরিকল্পনা নেওয়া হবে।’
১৯২৬ সালের ১৫ আগস্ট কবি সুকান্ত ভট্টাচার্য কলিকাতার কালীঘাটের মহিমা হালদার স্ট্রিটে মামা বাড়ীতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম নিবারন ভট্রাচার্য ও মাতা সুনীতি দেবী। ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল-তার উল্লেখ যোগ্য কাব্যগ্রন্থ। কবির প্রতিটি কবিতায় অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়েছে।