প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৩ ১৯:৪৪ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৩ ১৯:৫৩ পিএম
লাকসাম-আখাউড়া রেলওয়ে প্রকল্প পরিদর্শন করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। প্রবা ফটো
লাকসাম-আখাউড়া রেলওয়ে প্রকল্প পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আইসিপি এবং সীমান্তে বিজিবি সদস্যদের দায়িত্বরত এলাকা পরিদর্শন করেন তিনি।
বুধবার (১ মার্চ) বিজিবি মহাপরিচালক আখাউড়া আইসিপিতে পৌঁছলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান বিএসএফ ত্রিপুরার ফ্রন্টিয়ার কমান্ডার। এ সময় বিএসএফের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। পরে তিনি উপস্থিত বিএসএফ সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
আখাউড়া আইসিপি বিওপি পরিদর্শন করে সেখানে সৈনিকদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন বিজিবি মহাপরিচালক। পরে তিনি বিজিবির সরাইল ব্যাটালিয়নের ফকিরমোড়া বিওপি পরিদর্শন করেন।
লাকসাম-আখাউড়া রেলওয়ে প্রকল্পের কসবা স্টেশন এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিজিবি মহাপরিচালক। এ সময় তিনি বলেন, এটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এর দুইটি জায়গা বাংলাদেশ-ভারত সীমান্তের ১৫০ গজের মধ্যে হওয়ায় বিএসএফের বাধায় দীর্ঘদিন ধরে নির্মাণকাজ বন্ধ রয়েছে। সম্প্রতি বাংলাদেশ ও ভারত উভয় দেশের মধ্যে এ ব্যাপারে ইতিবাচক আলোচনা হয়েছে। বিজিবি ও বিএসএফের মধ্যেও কার্যকর যোগাযোগ অব্যাহত রয়েছে।
খুব শিগগিরই এই প্রকল্পের কাজ পুনরায় শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিজিবি মহাপরিচালক। এর আগে বিজিবির সরাইল রিজিয়ন সদর দপ্তর এবং সরাইল ব্যাটালিয়ন পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি কোয়ার্টার গার্ডে সালাম গ্রহণ এবং বৃক্ষরোপণ করেন। পরে সরাইল রিজিয়নের বিজিবি সদস্যদের বিশেষ দরবার গ্রহণ করেন এবং অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা দেন।
বিজিবি মহাপরিচালকের পরিদর্শনকালে সরাইল রিজিয়ন কমান্ডার, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যাটালিয়ন অধিনায়কসহ অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন।