নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৩ ১৬:১৯ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৩ ১৬:৫৪ পিএম
গ্রেপ্তার সবুজ। প্রবা ফটো
নোয়াখালীর কবিরহাট থেকে ২৩০ বোতল স্পিরিটসহ মো. সবুজ নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১ মার্চ) দুপুরে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে জানান, আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে তাকে উপজেলার সুন্দলপুর ইউনিয়ন থেকে গ্রেপ্তার করা হয়।
৩৫ বছর বয়সি সবুজ উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের উত্তর জগদানন্দ গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন সিএনজি চালক।
রফিকুল ইসলাম জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে মঙ্গলবার ভোর রাতে সোন্দলপুর ইউনিয়নের মালিপাড়া এলাকায় পুলিশ ব্যারিকেড দিয়ে একটি সিএনজি আটক করে। পরে সিএনজি তল্লাশি করে অবৈধ ২৩০ বোতল স্পিরিটসহ সবুজকে গ্রেপ্তার করা হয়। সিএনজিতে থাকা আরেক মাদক কারবারি বাটু ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তিনি বলেন, ‘এ ঘটনায় সবুজের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। জব্দকৃত স্পিরিটের মূল্য আনুমানিক ৬৯ হাজার টাকা। পালিয়ে যাওয়া বাটু সবুজের সিএনজিতে বহন করে এলাকায় অবৈধ স্পিরিট বেচাকেনা করত। সবুজকে আদালতে সোর্পদ করা হয়েছে। বাটুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’