লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:১৪ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:১৪ পিএম
লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের ফটক। প্রবা ফটো
লক্ষ্মীপুর সদর উপজেলায় দম্পতির বিবাহবিচ্ছেদ সম্পর্কিত বিষয় নিয়ে হত্যা মামলার ২৭ বছর পর রায় দিয়েছেন আদালত। এতে মামলার একমাত্র আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ বছর কারাভোগ করতে হবে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।
সাজাপ্রাপ্ত মো. ইয়াছিন নোয়াখালী জেলার চাটখিল উপজেলার দক্ষিণ দেউলিয়া গ্রামের মৃত আতিক উল্যার ছেলে।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী জসিম উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘১৯৯৬ সালে করা হত্যা মামলার দীর্ঘ বিচার শেষে আদালত রায় ঘোষণা করেছেন। মামলার একমাত্র আসামিকে যাবজ্জীবন, আর্থিক জরিমানা ও অনাদায়ে কারাভোগের রায় দিয়েছেন বিচারক। ঘটনার পর থেকে আসামি পলাতক আছেন।’
এজাহারের বরাতে আইনজীবী জসিম উদ্দিন জানান, আবু ছায়েদের ২ জন স্ত্রী ছিলেন। সাংসারিক দ্বন্দ্বে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটান তিনি। তার দ্বিতীয় স্ত্রী ছিলেন মো. ইয়াছিনের চাচাতো শ্যালিকা। দম্পত্তির বিবাহবিচ্ছেদের জেরে ১৯৯৬ সালের ৫ ফেব্রুয়ারি আবু ছায়েদকে কাঠ দিয়ে পিটিয়ে আহত করেন ইয়াছিন। এক দিন পর নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি যান।
তিনি জানান, ঘটনার ২০ দিন পর ২৫ ফেব্রুয়ারি ছায়েদের ছোট ভাই শাহ আলম ইয়াছিনের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর মডেল থানায় মামলা করেন। একই বছরের ৩১ আগষ্ট মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) নেপাল রঞ্জন বড়ুয়া আদালতে ইয়াছিনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন।