সিরাজগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:০০ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:২৪ পিএম
নিহত আমিরুল ইসলাম। প্রবা ফটো
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এলংজানী গোনাইগাঁতী গ্রামে আমিরুল ইসলাম নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই তার লোকজন নিয়ে আমিরুলকে কোপান বলে অভিযোগ উঠেছে।
আব্দুল হাই নিহত আমিরুলের আপন চাচাত ভাই। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। গুরুতর অবস্থায় আমিরুলকে রাতেই ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আমিরুল ইসলাম ওই গ্রামের ফয়জাল হোসেনের ছেলে। এই ঘটনায় আহত হন আমিরুলের ভাই কাজল ও তার ভাতিজা নাহিদ।
নিহতের ভাই নজরুল ইসলাম অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরে আমিরুলের সঙ্গে জমিতে সেচ পরিচালনা নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে তাদের চাচাত ভাই আওয়ামী লীগ নেতা আব্দুল হাই রবিবার রাতে তার লোকজন নিয়ে আমিরুলের বাড়িতে ঢুকে চাপাতি দিয়ে তাকে কোপান। এতে গুরুতর আহত হন আমিরুল, কাজল এবং নাহিদ।
রাতেই আমিরুলকে ঢাকায় নিয়ে নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে তিনি মারা যান।
এ ঘটনার পর আব্দুল হাই ও তার পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে গেছেন।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক জালাল উদ্দিন জানান, এ ব্যাপারে নিহতের পরিবার থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ’পুলিশ ইতোমধ্যেই ঘটনাস্থলে গেছে এবং ঘাতকদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।’