কুষ্টিয়া প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:২৯ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:০৩ পিএম
কুষ্টিয়া শহরের আদর্শ কলেজের মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মাহবুব উল আলম হানিফ। প্রবা ফটো
বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘যদি অস্তিত্ব টিকিয়ে রাখতে চান, তাহলে আগামী সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিন। সেই নির্বাচন সংবিধান অনুযায়ী এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনেই হবে। সরকারকে বাদ দিয়ে অসংবিধানিক প্রক্রিয়ায় এ দেশে আর কোনো নির্বাচন হবে না।’
সোমবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কুষ্টিয়া শহরের আদর্শ কলেজের মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।
হানিফ বলেন, ’২০১৩ সাল থেকে বিএনপি এই সরকারকে ক্ষমতা থেকে নামাতে বহু চেষ্টা করেছে। তার ফলাফল দেশের মানুষ জানে। আন্দোলন করে এই সরকারকে ক্ষমতা থেকে টেনেহিঁচড়ে নামানোর ক্ষমতা বিএনপির তো নেই-ই, এ দেশে এমন কোনো রাজনৈতিক শক্তিও নেই।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ’বিএনপি নেতারা সকালে এক কথা বলে, বিকালে আরেক কথা বলে। কোন কথাটি যে তাদের দলের বা তাদের মনের, এটা বোঝা খুব কঠিন।’
তিনি বলেন, ‘এর আগে বিএনপির এক কর্মসূচিতে তারা বলেছিল, এই সরকারের পতন ঘটাবে, ১০ তারিখের পরে সরকার থাকবে না। ১০ তারিখ পার হয়ে যাওয়ার পর, যখন বিএনপির আন্দোলনের খেলা শেষ হয় গেল, তখন তারা বলল আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করেছি। এখন আবার তারা বলছে, সরকারকে টেনেহিঁচড়ে নামাবে।’
মাহবুব উল আলম হানিফ বলেন, ’বিএনপির আন্দোলন তাদের নিজেদের কর্মী-সমর্থকদের ও জনগণের সঙ্গে ভাওতাবাজি ছাড়া আর কিছুই নয়। এখন তারা যে কথা বলছে, সেসব ওই ভাওতাবাজিরই অংশ।’
তিনি আরও বলেন, ’আমরা পরিষ্কারভাবে একটি বিষয় জানাতে চাই, এটা বাংলাদেশ আওয়ামী লীগের সরকার এবং সেই সরকারের প্রধান বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। আন্দোলন করে এই সরকারকে ক্ষমতা থেকে টেনেহিঁচড়ে নামানোর ক্ষমতা বিএনপির তো নেই-ই, এ দেশে এমন কোনো রাজনৈতিক শক্তিও নেই।’
এ সময় কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা প্রশাসক সাইদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অনুপ কুমার নন্দীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।