মানিকগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:০৩ পিএম
শনিবার মানিকগঞ্জে ‘বাংলা ও বাঙালির শাশ্বত সম্প্রীতি’ শীর্ষক আলোচনা সভায় কথা বলেন পীযূষ বন্দ্যোপাধ্যায়। প্রবা ফটো
হাজার বছর ধরে বাঙালিদের মধ্যে ভাঙন থাকলেও, বাঙালি কখনও মচকায়নি বলে মনে করেন সামাজিক সংগঠন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সংগঠনটির মানিকগঞ্জ শাখা আয়োজিত ‘বাংলা ও বাঙালির শাশ্বত সম্প্রীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সভা মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
নাট্যজন পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাঙালি হাজার বছর ধরে ভেঙেছে ঠিকই, কিন্তু কখনও মচকায়নি। এ জাতির মধ্যে হাজার বছর ধরে সৌহার্দ্য ও সম্প্রীতির ভ্রার্তৃত্ববোধে ছিল। আমরা ঐক্যবদ্ধ থাকলে এ সৌহার্দ্য ও সম্প্রীতি সেভাবেই থাকবে।
স্বাধীনতোত্তর সময়ের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘তখন পাকিস্তান ছিল সাম্প্রদায়িক রাষ্ট্র, সমাজ ছিল অসাম্প্রদায়িক। এখন রাষ্ট্র অসাম্প্রদায়িক, সমাজটা বোধ হয় সাম্প্রদায়িক হয়ে গেছে।’
নতুন প্রজন্মের মধ্যে সাম্প্রদায়িক গোঁড়ামি নেই জানিয়ে পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা যখন সবার সঙ্গে মিশি, তখন দেখি নতুন প্রজন্ম সাম্প্রদায়িকতা নিয়ে ভাবে না। তারা দেশের প্রত্যেকটা জাতীয় সংকটের সময় পাশে দাঁড়ায়। তারা তখন দেখে না কে মুসলিম, কে হিন্দু, কে বৌদ্ধ বা কে খ্রিষ্টান। তাহলে আমাদের ভয় পাবার কি আছে।’
তিনি বলেন, ‘১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশের মানুষ বাঙ্গালি জাতীয়তাবাদের পক্ষে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। আবার যদি সেরকম কিছু প্রয়োজন হয়, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি আবারও প্রমাণ করবে তারা সম্প্রীতির পক্ষেই থাকবে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন সম্প্রীতি বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী সিকদার, সদস্য সচিব অধ্যাপক ড. মামুন আল মাহতাব স্বপ্নীল, মানিকগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা আব্দুস সালাম, দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ ড. মো. রেজাউল করিম, নারায়নগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক উর্মিলা রায় প্রমুখ।