গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৪৭ পিএম
গাজীপুরে বিএনপির পদযাত্রা কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে ছাত্রদলের এক কর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পরিবার জানিয়েছে। আহত সাইফুল ইসলাম রানা জেলার কালীগঞ্জ উপজেলার জাহাঙ্গালিয়া গ্রামের ফজলুল হকের ছেলে। অভ্যন্তরীণ কোন্দলে তাকে জখম করা হতে পারে বলে পুলিশের ভাষ্য।
জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন জানান, তারা শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে পদযাত্রা শেষ করে চলে যাওয়ার সময় সাইফুলকে কুপিয়ে জখম করার খবর পান। মিলন ঘটনা সম্পর্কে এর চেয়ে বেশি কিছু বলতে পারেননি। এলাকাবাসী বলছেন, রাজবাড়ি রোডে জেলা বিএনপির কার্যালয়ের সামনে পদযাত্রার আয়োজন করা হয়। সেখানে অনন্য নেতাকর্মীদের সঙ্গে জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের অনুসারী সাইফুল ইসলাম যোগ দেন। পরে রথখোলা রোড দিয়ে বাড়ি ফিরছিলেন সাইফুল। পথে শহীদ বরকত স্টেডিয়ামের একটু সামনে চার-পাঁচজন মুখে মাস্ক পরে এসে ধারালো অস্ত্র নিয়ে সাইফুলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
সাইফুল গাজীপুরে নাভানা গ্রুপে চাকরি করেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশ বলছে, সম্প্রতি সাইফুল কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িয়েছেন। অভ্যন্তরীণ কোন্দলে তাকে জখম করা হতে পারে বলে পুলিশের ভাষ্য। সাইফুলের ভাই ফোরকান হোসেন হাসপাতালে সাইফুলের সঙ্গে আছেন বলে জানান। ফোরকান বলেন, ‘ভাইয়ের অবস্থা খুবই খারাপ। তার মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করেছে। হাসপাতালে তার অপারেশন করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসক। হাসপাতাল থেকে ফিরে থানায় অভিযোগ করব।’ পুলিশ খবর পেয়ে তদন্ত করছে বলে জানিয়েছেন সদর থানার ওসি জিয়াউল ইসলাম। তিনি বলেন, ‘আমরা একজন আহত হওয়ার খবর পেয়েছি। কে বা কারা তাকে কুপিয়েছে তা এখনও জানা যায়নি। তবে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’