গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৫৮ পিএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:০৭ পিএম
গাজীপুর শহরের রথখোলা এলাকায় প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। প্রবা ফটো
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, এক সময় ভারতের গরু বাংলাদেশে না আসলে আমরা কোরবানি করতে পারতাম না। এখন গবাদিপশুর জন্য আমাদের আর ভারতের দিকে তাকাতে হয় না। খুব বেশি দিন নয় খুব শিগগিরই আমাদের প্রাণী দিয়ে দেশের চাহিদা মিটিয়ে আমরা বিদেশেও রপ্তানি করব। এ নিয়ে আমরা কাজ করছি।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর শহরের রথখোলা এলাকায় প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, খামার করার আগে খামারিকে ট্রেনিং নিতে হবে। জেনে-বুঝে বা ট্রেনিং নিয়ে খামার পরিচালনা করলে সফলতা আসবেই। প্রাণিসম্পদ অধিদপ্তর ট্রেনিং কার্যক্রম পরিচালনা করে, যুব উন্নয়ন অধিদপ্তরও ট্রেনিং কার্যক্রম পরিচালনা করে। ন্যাশনাল লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে। এসব প্রতিষ্ঠানের যেকোনোটি থেকে ট্রেনিং নিয়ে খামার পরিচালনার পরামর্শ দেন প্রতিমন্ত্রী। এসব প্রতিষ্ঠান থেকে ট্রেনিং নিয়ে অনেক সফল উদ্যোক্তা তৈরি হয়েছে।
ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, আগে দেশি গরু থেকে ৩-৪ লিটার দুধ হতো। এখন বিদেশি জাতের সঙ্গে দেশি গবাদিপশুর সংকরায়ন করে অধিক দুধ পাচ্ছি। একেকটি গাভী থেকে এখন ২০-৩০ লিটার পর্যন্ত দুধ পাচ্ছি। বিদেশি জাতের সঙ্গে দেশি গবাদিপশুর ব্রিডিং করার ফলেই এটা সম্ভব হয়েছে। দুধের ক্ষেত্রে এখন আমরা স্বয়ংসম্পূর্ণতার কাছে চলে গেছি। তেমনিভাবে বেশি মাংস উৎপাদনের ক্ষেত্রে বিদেশি জাতের সঙ্গে দেশি জাতের গবাদিপশুর ব্রিডিং করলে আমাদের চাহিদা মিটিয়ে আমরা মাংস রপ্তানি করতে সক্ষম হব।
পরে প্রতিমন্ত্রী সেখানে স্থাপিত গবাদিপশু, প্রাণি এবং এদের থেকে উৎপাদিত বিভিন্ন পণ্যের স্টল পরিদর্শন করেন।
প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়।