সাভার (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৪২ পিএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৫৪ পিএম
এই কক্ষে গ্যাসের লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ হয়েছেন ইয়াসমিন ও তার দুই মেয়ে। প্রবা ফটো
ঢাকার সাভারে গ্যাসের লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ হয়েছেন একই পরিবারের তিনজন। তাদেরকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- গার্মেন্টস শ্রমিক ইয়াসমিন আক্তার, বড় মেয়ে শিমা আক্তার, ছোট মেয়ে সুমা আক্তার। তারা গাইবান্ধার পলাশবাড়ী থানার বাসিন্দা।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে আশুলিয়ার কাঠগড়া আমতলা এলাকার আলী আহমেদের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
ভবনের ম্যানেজার আবু ইউসুফ বলেন, ‘ভবনের একটি কক্ষে ভাড়া থাকতেন ইয়াসমিন ও তার দুই মেয়ে। তারা স্থানীয় দুটি পোশাক কারখানায় চাকরি করেন। ছোট মেয়ে সুমা ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। ইয়াসমিন আজ ভোরে গার্মেন্টসে যাওয়ার জন্য খাবার তৈরি করতে রান্নাঘরে চুলা জ্বালালে পুরো ঘরে আগুন জ্বলে ধরে যায়। এ সময় ইয়াসমিন ও তার দুই মেয়েকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। মূলত সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে চুলা জ্বালাতে গিয়ে এই ঘটনা ঘটছে।’
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, ‘দগ্ধ একই পরিবারের তিনজনকে অবস্থায় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে।’