বাগেরহাট প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৫৮ পিএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:১৪ পিএম
বাগেরহাট বিএনপির নেতাকর্মীদের আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ। প্রবা ফটো
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটে বিএনপির নেতাকর্মীরা শহরে পদযাত্রা শুরু করলে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বাধার মুখে কর্মসূচি শেষ করে জেলা বিএনপির সাবেক সভাপতির বাড়িতে নেতাকর্মীরা জড়ো হলে সেখান থেকে ২৫ জনকে আটক করে পুলিশ।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এমএ সালামের মুনিগঞ্জের বাড়ি থেকে তাদের আটক করা হয় বলে সংবাদ সম্মেলন করে অভিযোগ ও আটকের বিষয়টি জানান কেন্দ্রীয় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ড. ওবায়দুল ইসলাম।
আটক ব্যক্তিরা হলেন- কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, আহ্বায়ক এটিএম আকরাম হোসেন, পৌর সভাপতি শেখ শাহেদ আলী রবি, বিএনপি নেতা হাজরা জাহিদুল ইসলাম পান্না, যুবদল নেতা আইয়ুব আলী মোল্লা বাবু, জয়নুল পারভেজ সুমনের নাম তাৎক্ষণিক পাওয়া গেছে।
শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধার প্রতিবাদ ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বেলা ১১টায় তাৎক্ষণিক প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন কেন্দ্রীয় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ড. ওবায়দুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদুল ইসলাম, সদস্য কামরুল ইসলাম গোড়া, জাকির হোসেন, অহিদুল ইসলাম পল্টুসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ওবায়দুল ইসলাম বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা পণ্ড করতে পুলিশ গতরাত থেকেই আমাদের নেতাকর্মীদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে। সকালে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান করে। আমাদের কেন্দ্রীয় ও জেলার ৪০ জনেরও বেশি নেতাকর্মীকে পুলিশ আটক করেছে। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করার শামিল। দ্রুত নেতাকর্মীদের মুক্তি দিতে হবে।’
এ ছাড়া সারা দেশে নেতাকর্মীদের আটক ও দমন পীড়নের প্রতিবাদে ৪ মার্চ সকল মহানগরের প্রতিটি থানায় পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেন এই নেতা।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপি দুই দলের পক্ষ থেকে বাগেরহাটে কর্মসূচি দেওয়া হয়েছে। আমরা তাদেরকে কর্মসূচি পালন না করার জন্য আহ্ববান জানিয়েছিলাম। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিএনপির নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছিলেন। এ জন্য আমরা বিএনপির কয়েকজনকে আটক করেছি। আটকের সংখ্যা ২০ থেকে ২৫ জনের মতো হবে। আমরা যাচাই-বাছাই করছি। পরে আরও তথ্য জানানো হবে।’