লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:২৯ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:০৫ পিএম
লক্ষ্মীপুর সদর হাসপাতাল। প্রবা ফটো
লক্ষ্মীপুর সদরে ডোবা থেকে ফাতেমা খাতুন নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের বিনোদধর্মপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। ফাতেমা খাতুন তিন দিন আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। তার বয়স আনুমানিক ১০৫ বছর বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
পরিবারের সদস্যরা জানান, তিন দিন আগে পাশের আত্মীয়বাড়ি যাওয়ার জন্য ফাতেমা খাতুন ঘর থেকে বের হন। এর পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের ডোবায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে জানানো হয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। প্রতিবেদন অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।