চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১১:২৩ এএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৫৩ পিএম
ফাইল ফটো
চট্টগ্রামের আন্দরকিল্লার সমবায় মার্কেটে অগ্নিকাণ্ডে মো. ইদ্রিস নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় পুড়ে গেছে ১০ দোকান।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে আন্দরকিল্লার সমবায় মার্কেটের এক প্রিন্টিং প্রেস থেকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল হালিম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, প্রিন্টিং প্রেসের দোকানের পাশে কিছু রাসায়নিক দ্রব্যের দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ইদ্রিস নামে একজন মারা গেছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।
আন্দরকিল্লা এলাকার ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী বলেন, আগুনের ঘটনায় আলম ইঞ্জিনিয়ারিংয়ের দোকানে ঘুমিয়ে থাকা ইদ্রিস নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘুমিয়ে থাকায় তিনি দোকান থেকে বের হতে পারেননি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, আন্দরকিল্লার সমবায় মার্কেটে আগুনের সূত্রপাত হলেও সেখান থেকে আশপাশের তিন-চারটি প্রিন্টিং প্রেসের দোকানে ছড়িয়ে পড়ে। এতেই আগুন বেড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের পাশাপাশি রেড ক্রিসেন্টের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।