দায়িত্বে অবহেলা
চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ২১:১৬ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ২২:০৫ পিএম
দায়িত্বে অবহেলার দায়ে চট্টগ্রামের বাকলিয়া থানার ওসি আব্দুর রহিমকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) চট্টগ্রাম অর্থ ঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। আদেশে আগামী ৯ মার্চ তাকে আদালতে সশরীরে হাজির হয়ে কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম শাহেদ এসব তথ্য নিশ্চিত করে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ’মেসার্স এম এন আক্তার অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে কমার্স ব্যাংকের দায়ের করা একটি ঋণখেলাপি মামলায় বাকলিয়া থানার ওসিকে রিসিভার নিয়োগ করা হয়। পাশাপাশি প্রতি মাসে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। কিন্তু গত দুই ধার্য তারিখে বাকলিয়ার থানার ওসি রিসিভার প্রতিবেদন দাখিল করেননি। এ ঘটনায় আদালত অবমাননার দায়ে কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আদালতে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, ৫৬ কোটি ৭৮ লাখ টাকা খেলাপি ঋণ আদায়ে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড চাক্তাই শাখা বাদী হয়ে মেসার্স এম এন আক্তার অ্যান্ড কোম্পানির মালিক হাজি নুরুল আক্তার সওদাগরের বিরুদ্ধে মামলা করে। ওই মামলায় ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ৩১ মার্চ আদালত বাকলিয়া থানার ওসিকে মর্টগেজকৃত সম্পত্তিতে রিসিভার নিয়োগ করেন। রিসিভার নিয়োগের আদেশে প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে রিসিভার ওই সম্পত্তির ভাড়া আদায় করে পে-অর্ডার মূল্যে অর্থ ঋণ আদালতে জমা দেওয়ার আদেশ দেন।