সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৫৯ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৪৯ পিএম
ছোট ভাইয়েরে দা’য়ের কোপে আহত বড় ভাই আনোয়ারুল হাসপাতালে। প্রবা ফটো
সাতক্ষীরার সদরে বাড়িতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে বড় ভাই ও ভাবীকে কোপানোর অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন- মনিরুল ইসলাম ও তার ছেলে মো. জনি।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সদরের বাঁশদহা ইউনিয়নের কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মো. আনোয়ারুল ও তার স্ত্রী রনজিলা খাতুনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। এ ঘটনার পর ছোটভাই আনোয়ারুল ও তার ছেলে জনিকে আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছে এলাকাবাসী।
সাতক্ষীরা থানার উপ-পরিদর্শক (এসআই) মিথুন মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মারামারির ঘটনায় এলাকাবাসী মনিরুল ও তার ছেলে জনিকে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়। আমরা তাদের আটক করে থানায় নিয়ে আসি। আনোয়ারুল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’
চিকিৎসাধীন আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমার একটি ছাগল সন্ধ্যার সময় মনিরুলের বাড়িতে গেলে সে গালাগালি শুরু করে। ছাগল যাওয়া নিয়ে গালাগাল করতে আমি মনিরুলকে নিষেধ করি। এতে ক্ষিপ্ত হয়ে মনিরুল ও তার ছেলে জনি আমাকে মারধর ও কোপাতে শুরু করে। তখন আমার স্ত্রী রনজিলা বাধা দিতে আসলে তাকেও দা দিয়ে কুপিয়ে জখম করে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি। পুলিশ ব্যবস্থা নেবে।’