বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ২২:১৫ পিএম
প্রতীকী ছবি।
ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে রাজশাহী বিশ্বিদ্যালয়ের (রাবি) এক ছাত্র নিহত হয়েছেন। তিনি ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ছাত্র ছিলেন।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে গোদাগাড়ী থানার দেওয়াপাড়া ইউনিয়নের চাপাল নামক এলাকায় রাজশাহী- চাঁপাইনবাবগঞ্জগামী হাইওয়ে সড়কে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম. তারেক নূর।
নিহত শিক্ষার্থীর নাম আবু সায়েদ ওসামা। তিনি ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। রাজশাহীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী গ্রামের আব্দুস সালামের ছেলে। এ সময় সঙ্গে থাকা আরও দুজন আহত হয়েছেন। তারা হলেন মো. আলীম ইসলাম ও মো. সাগর।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বিকেলে ওসামাসহ তার দুই বন্ধু মোটরসাইকেলযোগে রাজবাড়ীহাট যাচ্ছিল। পথে তারা একটি ট্রাককে ওভারটেক করছিল। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী অন্য একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় চালক ওসামাসহ তার দুই বন্ধুকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টায় ওসমার মৃত্যু হয়। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর বলেন, তারা খবর পেয়ে রামেকে যোগাযোগ করেন এবং দ্রুত সময়ে সবার চিকিৎসার ব্যবস্থা করেন।
গোদাগাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আবু সায়েদ ওসামাকে মৃত ঘোষণা করেন।