× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১ কোটি ৭৮ লাখ টাকা ‘আত্মসাৎ’, সহকারী পোস্টমাস্টারের নামে মামলা

যশোর প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৫৫ পিএম

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ২০:১৪ পিএম

দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়। ফাইল ফটো

দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়। ফাইল ফটো

বাংলাদেশ ডাক বিভাগ যশোর প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল আব্দুল বাকীর নামে ১ কোটি ৭৮ লাখ ৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দুদকে মামলা হয়েছে। রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুদক সমন্বিত যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোশাররফ হোসেন মামলাটি করেছেন। মামলায় অভিযুক্ত বাকী বর্তমানে কারাগারে রয়েছেন।

দুদক সমন্বিত যশোর কার্যালয়ের উপপরিচালক আল আমিন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলাটি হয়েছে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের (৫) ধারায়।

দুদক সূত্র জানিয়েছে, ২০২২ সালের ২ জানুয়ারি বাংলাদেশ ডাক বিভাগ যশোর প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল হিসেবে যোগ দেন আব্দুল বাকী। ওই বছরের ২৫ জানুয়ারি থেকে চলতি বছরের ৩০ জানুয়ারি পর্যন্ত ১৭ জন গ্রাহকের সঞ্চয়পত্রের হিসাব থেকে ১ কোটি ৭৮ লাখ ৫ হাজার টাকা তুলে নেন তিনি।

এসব গ্রাহকের অ্যাকাউন্টে টাকা জমা না করেই অফিসের নথিতে টাকা জমা দেখান আব্দুল বাকী। এরপর ডেপুটি পোস্টমাস্টার, দায়িত্বপ্রাপ্ত অপারেটর ও ১৭ আমানতকারীর সই জালিয়াতি করে এসব টাকা তুলে নেন। সবশেষ গত ২ ফেব্রুয়ারি শেখ মোহাম্মদ আলী নামে এক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ১৩ লাখ টাকা তুলতে গিয়ে ধরা পড়েন তিনি।

বিষয়টি সন্দেহ হলে ডেপুটি পোস্টমাস্টার মেহেরুন্নেছা অধিক যাচাইয়ের জন্য গত ৩০ জানুয়ারি একটি হিসাবের লেজারের তথ্য শিডিউলের সঙ্গে মিলিয়ে দেখেন। এরপর এসব জালিয়াতির বিষয়ে নিশ্চিত হন তিনি। মেহেরুন্নেছা জানান, আগে যে টাকা তোলা হয়েছে, লেজার খাতায় তা এন্ট্রি করা হয়নি এবং লেজারের তথ্যগুলোও একই হাতের লেখা। এ বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করলে গত ৭ ফেব্রুয়ারি খুলনা থেকে অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল আমিনুর রহমান সরেজমিনে এসে অভিযোগের সত্যতা পান।

পরদিন ৮ ফেব্রুয়ারি অভিযুক্ত আব্দুল বাকীকে খুলনায় স্ট্যান্ড রিলিজ করা হয়। এ ঘটনায় ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (তদন্ত) খন্দকার মাহাবুব হোসেনকে প্রধান করে ছয় সদস্যের কমিটি করা হয়। তদন্ত কমিটি সত্যতা পেলে ১০ ফেব্রুয়ারি রাতে যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করে। ওই রাতেই তাকে আটক করে পুলিশ।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘আব্দুল বাকীকে ৫৪ ধারায় জবানবন্দি নিয়ে কারাগারে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে দুদককে চিঠি দেওয়া হয়।’

জানতে চাইলে দুদক সমন্বিত যশোর কার্যালয়ের উপপরিচালক আল আমিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘থানা থেকে কাগজপত্র পেয়ে অভিযুক্ত আব্দুল বাকীর বিরুদ্ধে মামলা করতে দুদকের প্রধান কার্যালয়ে চিঠি পাঠাই। প্রধান কার্যালয়ের নির্দেশে আজ (রবিবার) তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা