চাঁদপুর প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:০৬ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৪৫ পিএম
চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছরে মঞ্চ মাতাবেন দেশবিদেশের শিল্পীরা। প্রবা ফটো
চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছর উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠান মাতাবেন দেশবিদেশের শিল্পীরা। আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি চাঁদপুর স্টেডিয়ামের মাঠে জমকালো এ আয়োজন শুরু হতে যাচ্ছে।
প্রথম দিন শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল থেকে গভীর রাত পর্যন্ত মঞ্চ মাতাবেন দেশের সেরা কাওয়ালি শিল্পী সমির কাওয়াল, দেশবিদেশের মঞ্চ মাতানো কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন, দিনাত জাহান মুন্নি এবং দেশের সেরা মিউজিক দল ইমন চৌধুরী। দ্বিতীয় বা শেষ দিন শনিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একই মঞ্চ মাতাবেন উপমহাদেশের অন্যতম গায়ক নচিকেতা, দেশের অন্যতম সেরা ব্যান্ড দল শিরোনামহীনসহ আরও অনেকে।
৭৫ বছর পূর্তি অনুষ্ঠানের সাংস্কৃতিক উপকমিটির সদস্য সচিব আলম পলাশ বলেন, ‘এ অনুষ্ঠানে দেশের অন্যতম সেরা গায়ক কুমার বিশ্বজিৎ আসার জন্য চুক্তিবদ্ধ হলেও কানাডায় সড়ক দুর্ঘটনায় তার ছেলে নিবিড় কুমার মারাত্মক আহত হওয়ায় তিনি আসতে পারছেন না।’
তবে এই আয়োজনে আরও আকর্ষণ থাকতে পারে বলে জানান ৭৫ বছর পূর্তি উদযাপন কমিটির সদস্য সচিব ও পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল।
এদিকে সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক অজয় কুমার ভৌমিক বলেন, ’এই কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদপুরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ৭৫ জন নারী ও পুরুষ শিল্পীর সমন্বয়ে সমবেত জাতীয় সংগীত ও দেশাত্ববোধক গান তার সঙ্গে আরও ২৫ নৃত্যশিল্পী নাচ পরিবেশন করবেন।’
অনুষ্ঠানের উদযাপন কমিটির আহ্বায়ক চাঁদপুর কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাস বলেন, ’দুদিনের অনুষ্ঠান শুধু চাঁদপুর স্টেডিয়ামের মাঠেই অনুষ্ঠিত হবে। এতে যারা রেজিস্ট্রেশন করেছেন ও আমন্ত্রিত অতিথি শুধু তারাই তা উপভোগ করতে পারবেন।’ এজন্য যথাসময়ে সবাইকে পরিচয়পত্র বহন করে অনুষ্ঠানে আসার আহ্বান জানান তিনি।