কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:০৬ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৩২ পিএম
উদ্ধার হওয়া ক্রিস্টাল মেথ (আইস)। প্রবা ফটো
কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে এক কেজি ৩৫৩ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধারের কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার নাফ নদীর জালিয়ারদিয়া সীমান্তে এ অভিযান চালানো হয়।
টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নাফ নদীর জালিয়াদিয়া সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান আসার খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে নদীতে জলসীমার শূন্যরেখা পেরিয়ে একটি কাঠের নৌকা করে সন্দেহজনক দুই ব্যক্তিকে আসতে দেখেন বিজিবির সদস্যরা। তাদের থামার সংকেত দেওয়া হলে নৌকায় থাকা লোকজন পানিতে ঝাপ দিয়ে পালিয়ে যায়। পরে পাচারকারীদের ফেলে যাওয়া নৌকা তল্লাশি করে এক কেজি ৩৫৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও মাছ ধরার জাল উদ্ধার করা হয়।
ক্রিস্টাল মেথ আইসসহ উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ছয় কোটি ৭৬ লাখ ৭৩ হাজার টাকা জানান এই কর্মকর্তা।