বরগুনা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১১:০৭ এএম
ছবি: সংগৃহীত
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি রফিকুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বরগুনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. রফিকুল ইসলামকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।
বহিষ্কারের বিষয়ে জানতে বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি ও বেতাগী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
তবে গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) তার বিরুদ্ধে বেতাগী উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সিকদারকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ ওঠে।
এদিকে আরেক বিজ্ঞপ্তিতে বরগুনা জেলা ছাত্রলীগের আরও ৩ জন সহসভাপতির বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, ৭ দিনের মধ্যে তার জবাব চেয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। তারা হলেন- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ মোল্লা, মো. সাকিব ফরাজি ও প্রত্যয় দেব প্রান্ত।
গত শনিবার (১১ ফেব্রুয়ারি) বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশে জেলা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজাসহ ১০ জন নেতাকর্মী আহত ও অবরুদ্ধ হলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
বরগুনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ মোল্লা বলেন, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ হয়েছে এমন কর্মকাণ্ড আমার জানামতে করিনি। যেহেতু কেন্দ্রীয় ছাত্রলীগ জবাব চেয়েছে, তাই দ্রুত তাদের কাছে লিখিত আকারে দেবো।
এসব বিষয়ে ফেসবুকে বিজ্ঞপ্তি দুটি পোস্ট করলেও সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা। যোগাযোগ করা হলে সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরানও বিষয়টি এড়িয়ে যান।