শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৩৩ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৪১ পিএম
অ্যাডভোকেট মো. রহমত আলীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়ার আয়োজন করা হয়। প্রবা ফটো
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. রহমত আলীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন করেছে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের কবর জিয়ারত, আলোচনা সভা, স্মরণ সভা ও কর্মময় জীবনের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শ্রীপুর পৌরসভার শ্রীপুর ভবন প্রাঙ্গণে এসব কর্মসূচি পালিত হয়।
গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রয়াত প্রতিমন্ত্রীর ছোট ছেলে অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়ের সভাপতিত্বে আলোচনা করেন প্রতিমন্ত্রীর মেয়ে অধ্যাপক রুমানা আলী টুসি এমপি, সাবেক সচিব মাহমুদুল হাসান মুকুল, শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান, মাওনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন, বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন, আওয়ামী লীগ নেতা জেড আই জালাল, সফিকুল ইসলাম সফিক, জেলা পরিষদের সদ্যস্য আব্দুস সালাম মোল্লা, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জর্জসহ অন্য নেতারা। পরে মিলাদ ও দোয়া মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।
অ্যাডভোকেট মো. রহমত আলী গাজীপুর-৩ (শ্রীপুর-কালিয়াকৈর-১৯৬) আসন থেকে আওয়ামী লীগের টিকিটে নৌকা প্রতীক নিয়ে ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের ১ সেপ্টেম্বরে স্থানীয় সরকার কমিশনের চেয়ারম্যান ও ১৯৯৬ সালের ২৩ সেপ্টেম্বর জাতীয় সংসদের বিশেষ কমিটির সভাপতি নির্বাচিত হন। ১৯৯৯ সালের ২৮ ডিসেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন। আমৃত্যু তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্য ছিলেন।
তিনি ২০২০ সালের ১৬ ফেব্রুয়ারি ইন্তেকাল করেন। তার জন্ম ১৯৪৫ সালের ১৬ সেপ্টেম্বর গাজীপুরের শ্রীপুরে।