মধ্যাঞ্চলীয় ব্যুরো
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:১৫ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৩১ পিএম
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : প্রবা
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হত্যা মামলা দায়ের করার ৪৮ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটনসহ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে আসামি মো. গোলাম রাব্বী জবানবন্দি দিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে উপজেলার মঠখলা বাজারের এগারসিন্দুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে রাব্বীকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা পুলিশ। তিনি ওই ইউনিয়নের চরখামা গ্রামের আবু তাহেরের ছেলে। নিহত ইসমাইল একই গ্রামের মৃত লিলু মিয়ার ছেলে। তিনি বোনের বাড়িতে থেকে শিলপাটার খোদাইয়ে কাজ করতেন।
পাকুন্দিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান জানান, গত ১৪ ফেব্রুয়ারি পাকুন্দিয়া উপজেলার চরখামা এলাকায় আড়িয়াল খাঁ নদীর পাড় থেকে মো. ইসমাইল নামক এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হয়, নিহতের গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে মরদেহ ফেলে রেখে যায়। মঙ্গলবার সন্ধ্যায় নিহতের বড় বোন আসমা আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে মামলা দায়ের করার ৪৮ ঘণ্টার মধ্যে ঘটনার রহস্য উদঘাটন করে ও হত্যার সঙ্গে জড়িত থাকার দায়ে রাব্বীকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার রাতে আসামি কিশোরগঞ্জের ৪ নং আদালতের বিচারক রিয়াজুল কাউসারের কাছে ১৬৪ ধারায় হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন।
জবানবন্দিতে আসামি মো. গোলাম রাব্বী জানান, অবৈধ সম্পর্ক ও আর্থিক লেনদেনসহ নানাবিধ কারণে ইসমাইলের সঙ্গে তার শত্রুতা সৃষ্টি হয়। গত সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর ইসমাইল কুড়িখাই মেলায় যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। সে সময় তাকে কৌশলে আড়িয়াল খাঁ নদীর পাড়ে নির্জন জায়গায় নিয়ে যায় রাব্বী। রাত ৯টার দিকে এক বোতল পানীয়র সঙ্গে গোপনে চারটি ঘুমের ওষুধ খাওয়ানোর পর ইসমাইল ঘুমিয়ে গেলে গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় তাকে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান জানান, ঘটনাস্থল থেকে ঘুমের ট্যাবলেটের খালি পাতা, পানীয়র খালি বোতল ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।