রাজশাহী প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৫১ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:১৩ পিএম
শনিবার রাজশাহীর বাঘমারায় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ছবি : প্রবা
সারা দেশে রাজাকারদের তালিকা আগামী বছরের মার্চে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাজশাহীর বাগমারা উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। পরে তিনি বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
মন্ত্রী বলেন, ‘রাজাকারদের তালিকা তৈরির জন্য নীতিমালা তৈরি হয়েছে। মন্ত্রিপরিষদ এতে অনুমোদন দিয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে তালিকা তৈরির কাজ শেষ করা হয়তো সম্ভব হবে না। তবে মার্চ নাগাদ তালিকা প্রকাশ করা সম্ভব হবে।’
মন্ত্রী বিএনপির সমালোচনা করে বলেন, ‘পদযাত্রা করে সরকার পতন করা যায়, এ দেশে এমন কোনো নজির নেই।’
এদিকে বাগমারা উপজেলার এক রাজাকারকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন স্থানীয় একাধিক মুক্তিযোদ্ধা ও ৭১-এ নির্যাতিত পরিবারের সদস্যরা। এ প্রসঙ্গে মন্ত্রী জানান, ‘অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমারসহ বীর মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা।