রাজশাহী প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৫৩ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:২৯ পিএম
নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা স্থানীয় বাজারে বিক্রির জন্য তোলা হয়েছে। প্রবা ফটো
রাজশাহীর পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চলছে জাটকা নিধন। প্রশাসন অভিযান পরিচালনা করলেও বন্ধ করা যায়নি জাটকা শিকার। তবে মৎস্য অফিসের দাবি, লোকবল সংকটের কারণে সবসময় অভিযান পরিচালনা করা যাচ্ছে না।
সরেজমিনে দেখা যায়, চারঘাট উপজেলার ইউসুফপুর থেকে উপজেলার রাওথা পর্যন্ত ও বাঘা উপজেলার আলাইপুর পর্যন্ত বিস্তৃত এলাকাজুড়েই চলছে জাটকা ধরা। সেগুলো স্থানীয় বাজারে প্রকাশ্যে বিক্রিও করছেন তারা।
স্থানীয়দের দাবি, আগামী মৌসুমে ইলিশের উৎপাদন বাড়াতে এখনই জাটকা নিধন বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়াতে হবে।
মৎস্য অফিসের তথ্যমতে, ইলিশের উৎপাদন বাড়াতে গত নভেম্বর থেকে আগামী জুন পর্যন্ত আট মাস নদীতে জাটকা ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। এই সময়ের মধ্যে জাটকা ধরা, পরিবহন, ক্রয়-বিক্রয় বা মজুদ করা শাস্তিযোগ্য অপরাধ। তবে নিয়মনীতির তোয়াক্কা না করে এক শ্রেণির অসাধু জেলে পদ্মায় জাটকা শিকার অব্যাহত রেখেছে। নদীতে দিন-রাত জাল ফেলে মাছ ধরছেন।
জেলেরা জানান, সব জেলেই যে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরছে এমনটা নয়। কিছু কিছু জেলে রাতের আঁধারে মাছ ধরছে। প্রশাসনের অভিযানের খবর পেয়ে অনেক সময় তারা নৌকা ও জাল নিয়ে পালিয়ে যায়।
চারঘাট উপজেলা মৎস্য কর্মকতা ওয়ালিউল্লাহ মোল্লা বলেন, অভিযান বা নজরদারি নেই এমনটা নয়। আমাদের লোকবল সংকটের কারণে অসাধু জেলেরা জাটকা নিধন করে যাচ্ছে। তারপরেও আমরা নৌ-পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে আসছি।