প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৫২ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৩৫ পিএম
সিংড়া আইসিটি ফ্রিল্যান্সিং ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রবা ফটো
দেশে বর্তমানে সাড়ে ছয় লাখ ফ্রিল্যান্সার কাজ করছেন। তারা এখন দেড় বিলিয়ন ডলার উপার্জন করেছেন। ২০২৫ সালের মধ্যে আরও ১০ লাখ নতুন ফ্রিল্যান্সার তৈরি হবে। তাদের উপার্জন তখন পাঁচ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) নাটোরের সিংড়ায় গোল-ই-আফরোজ সরকারি কলেজ মাঠে ‘সিংড়া আইসিটি ফ্রিল্যান্সিং ক্যাম্প’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ভাষণে স্বাধীনতাকে পূর্ণতা দিতে প্রত্যেক যুবককে চাকরি প্রদানের কথা বলেন। বঙ্গবন্ধুর নির্দেশিত পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও সজীব ওয়াজেদ জয়ের পরিকল্পনায় সোনার বাংলার আধুনিক রুপ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে। আজকের ৫ কোটি শিক্ষার্থীই ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাদের যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে সরকার কার্যকর সব পদক্ষেপ গ্রহণ করেছে। তাদের সুযোগ তৈরি করে দিতে সারাদেশে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ সহজলভ্য করা হয়েছে। ইন্টারনেটের শক্তি এবং তারুণ্যের মেধা কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠবেন শিক্ষার্থীরা। তারা চাকরি প্রার্থী নয়, চাকরি প্রদানকারী হবেন। তারা হবেন রেমিট্যান্সযোদ্ধা। এজন্যে সরকারের প্রদত্ত সুযোগ কাজে লাগাতে তাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে।
ক্যাম্পে অংশগ্রহণকারী সাড়ে ৩ হাজার শিক্ষার্থীকে ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান ও পরবর্তী ছয় মাসের মধ্যে প্রশিক্ষণ প্রদান করার ঘোষণা দেন প্রতিমন্ত্রী। আর্নিং এন্ড লার্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের অধীনে প্রশিক্ষণ গ্রহণকারী সাড়ে ৯০০ প্রশিক্ষণার্থীর মধ্যে চারজনের হাতে সনদ তুলে দেন।
সিংড়ায় নির্মিতব্য শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারে ছয় ফ্রিল্যান্সারের মধ্যে বরাদ্দপত্র হস্তান্তর করা হয়। ক্যাম্পে উপজেলার ৮০টি শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে ৩ হাজার শিক্ষার্থী নিবন্ধন করেছেন।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আর্নিং অ্যান্ড লার্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক মো. হুমায়ুন কবীর।