খুলনা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:১৬ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৫৭ পিএম
মাহিন্দ্রা গাড়ি চালক ওহিদুর রহমান রিপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাসুদ রানা মোল্লা। প্রবা ফটো
অটোরিকশার চালক ওহিদুর রহমান রিপন হত্যার দায়ে মৃত্যুদণ্ডের এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার ঢাকার রূপনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাসুদ রানা মোল্লা বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) র্যাব-৬ এর সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হত্যার পর মাসুদ রানা মোল্লাসহ চারজনকে পুলিশ আটক করলে কিছুদিন পর মাসুদ রানা জামিন নিয়ে পালিয়ে যায়। তিনি এতদিন দেশের বিভিন্নস্থানে পালিয়ে ছিলেন। র্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি মাসুদ রানা মোল্লার অবস্থান নিশ্চিত করে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে। আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
র্যাব জানায়, ২০১৬ সালের ১১ জানুয়ারি সকালে গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হন ওহিদুর রহমান রিপন। আসামি মাসুদ রানা মোল্লাসহ চারজন পেশাদার ছিনতাইকারী পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিকালে খুলনায় আসার জন্য সাতক্ষীরা থেকে ডিজেলচালিত অটোরিকশা গাড়ি ভাড়া করেন। খুলনায় আসার পথে তালা উপজেলার একটি ফাঁকা জায়গায় চলন্ত গাড়ির চালকের পেছনের সিটে বসা আসামিরা রশি দিয়ে ওহিদুরকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করলে তিনি চিৎকার করতে থাকে। পরে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে মৃত্যু নিশ্চিত করে লবনচরা থানা এলাকার নির্জনস্থানে ফেলে গাড়ি নিয়ে পালিয়ে যায়। পরের দিন খুলনার লবনচরা থানার মাধ্যমে রিপনের লাশের সন্ধান পান পরিবারের সদস্যরা। পরে পুলিশ মাহেন্দ্রসহ চারজনকে গ্রেপ্তার করলে নিহতের ভাই চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
মামলার বিচার শেষে গত ২৯ মার্চ ২০২২ সালে হত্যার বিষয়টি প্রমাণ হওয়ায় আদালত চার আসামিকে মৃত্যুদণ্ড প্রদান ও ৫০ হাজার টাকা জরিমানা করেন।