× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশের নতুন সম্ভাবনার সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী

সিলেট অফিস

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:২০ পিএম

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:০৬ পিএম

বৃহস্পতিবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।   প্রবা ফটো

বৃহস্পতিবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। প্রবা ফটো

দেশের নতুন সম্ভাবনার সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, যত ভুল-বোঝাবুঝি আছে, সব দূর করে এখন অত্যন্ত শক্ত ভিতের উপর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক। তারা (যুক্তরাষ্ট্র) বাংলাদেশের নতুন নতুন সম্ভাবনার সঙ্গে কাজ করতে চায়।

গত বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের বিশেষ উপদেষ্টা ডেরেক শোলে, ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির বিশেষ দূত জাং সঙ মিন ঢাকা সফর করেন। এ সফর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুল মোমেন বলেন, ‘আমরা খুব ভাগ্যবান যে, অনেক দেশের নামজাদা কূটনীতিকরা এসেছেন। যুক্তরাষ্ট্রের সাত জন সিনিয়র কূটনীতিক এসেছেন। আমাদের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে। তারা এসেছে আমাদের সঙ্গে তাদের দেশের সম্পর্ক শক্তিশালী করার জন্য।’ 

করোনাভাইরাস মোকাবিলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ‘মিরাকল’ দেশ হিসেবে উল্লেখ করেছে জানিয়ে তিনি বলেন, ‘এই মিরাকল দেশের সঙ্গে তারা (যুক্তরাষ্ট্র) সুসম্পর্ক রাখতে চায়। এখানে নতুন নতুন যে সম্ভাবনা তৈরি হচ্ছে, সেগুলোর সঙ্গে সম্পৃক্ত হতে চায়। দক্ষিণ কোরিয়ার বিশেষ দূত এসেছেন। তিনিও বলেছেন, বাংলাদেশ সবচেয়ে উন্নয়নশীল দেশ। এখানে বহু সুযোগ-সুবিধার সৃষ্টি হয়েছে। তারা যাতে একসঙ্গে কাজ করতে পারেন, সেজন্য তিনি এসেছেন।’ 

একদিনে তিন দেশের শীর্ষ কর্মকর্তাদের ঢাকা সফরের বিষয়ে মোমেন আরও বলেন, ভারতের পররাষ্ট্র সচিব এসেছেন একই বার্তা নিয়ে। বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য...সবাই আমাদের প্রশংসা করেছেন। আমাদের দেশে কাজ করার অঙ্গীকার করেছেন। আমরা খুব খুশি।’ 

রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে তিনি বলেন, ‘রোহিঙ্গারা সবাই ফেরত যাবে বলে মনে হয় না। তাদের বলেছি, কিছু আপনারা নেন না কেন? তারা নেওয়া শুরু করেছেন। আমেরিকা-কানাডা নেবে। অন্যান্য দেশকেও নেওয়ার জন্য অনুরোধ করেছি। আমাদের এক নম্বর টার্গেট, রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যাক। আমেরিকানরা আমাদেরকে এ ব্যাপারে সাহায্য করবেন বলে জানিয়েছেন।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত কয়েক মাস দেখেছেন যুক্তরাষ্ট্র থেকে ক্রমাগত উচ্চ পর্যায়ের প্রতিনিধি আসছেন সম্পর্ক উন্নয়ন করার জন্য। শুধু সেটা না, আমাদের দাওয়াতও দিয়েছেন তাদের দেশে গিয়ে আলাপ করার জন্য।’

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক মোস্তফা সামছুজ্জামানের সভাপতিত্বে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক জামাল উদ্দিন ভূঞা। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী ও রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আহমদ আল কবির। শুভেচ্ছা বক্তব্য দেন ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক মোহাম্মদ মেহেদী হাসান খান, রেজিস্ট্রার বদরুল ইসলাম, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক অধ্যাপক শরিফুন্নেছা মুনমুন, প্রক্টর অধ্যাপক মনিরুল ইসলাম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা