পিরোজপুর প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১০:১৪ এএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১২:১৪ পিএম
পিরোজপুর আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি খান মো. আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আউয়াল। প্রবা ফটো
পিরোজপুর জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ নিরঙ্কুশ জয়লাভ করেছে। নির্বাচনে ২১টি পদের মধ্যে সম্মিলিত আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ ১৭ পদে বিজয়ী হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
নির্বাচনে আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে দুটি প্যানেল অংশগ্রহণ করে। এক প্যানেল থেকে সভাপতি এবং অন্য প্যানেল থেকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সম্মিলিত আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের খান মো. আলাউদ্দিন ১৪১ ভোট পেয়ে সভাপতি এবং মোহাম্মদ আউয়াল ১১২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
পিরোজপুর আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার অ্যাডভোকেট রাজ শেখর দাস রাত সাড়ে ১১টায় ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে ৩১৮ জন ভোটারের মধ্যে ২৮৭ জন ভোট প্রদান করেন।
পরিষদের নির্বাচিত বিজয়ীরা হলেন—সহসভাপতি সুবোধ কুমার আইচ ও জাকির হোসেন কাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম হাওলাদার, গ্রন্থাগার ও পরিসম্পদ সম্পাদক মো. বাহাদুর হোসেন, আপ্যায়ন সম্পাদক সুশেন কুমার হালদার, সাংস্কৃতিক সম্পাদক সুজন কুমার গাইন, খেলাধুলা সম্পাদক মো. জাকির হোসেন।
এ ছাড়া সদস্যপদে নির্বাচিতরা হলেন—মো. আলাউদ্দিন, নাসিমা আক্তার, শামীম আক্তার, রুহুল আমীন, বিজন বিশ্বাস, কমল কৃষ্ণ আচার্য ও মানস কুমার বৈরাগী।
অন্যদি্কে বিএনপি সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রহিমা আক্তার হাসি, হিসাব নিরীক্ষক সম্পাদক হিসেবে রফিকুল ইসলাম, সদস্য আকরাম আলী ও সদস্য ইদ্রিস আলী নির্বাচিত হয়েছেন।