যশোর প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৫৩ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৫৫ পিএম
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে সোমবার ৮৭তম (বিশেষ) রিজেন্ট বোর্ডের সভা হয়। প্রবা ফটো
আগামী ১৮ ফেব্রুয়ারি হতে যাচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) চতুর্থ সমাবর্তন। এতে স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি পর্যায়ে ১ হাজার ৮৩১ জন গ্রাজুয়েট অংশ নেবেন। শিক্ষার্থীদের সঙ্গে অতিথি হয়ে আসার কথা রয়েছে ২ হাজার ৬১ জনের।
গতকাল সোমবার যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে ৮৭তম (বিশেষ) রিজেন্ট বোর্ডের সভায় সমাবর্তন সম্পর্কিত কার্যক্রমের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংক্রান্ত সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম একাডেমিক কাউন্সিল থেকে সমাবর্তন সংক্রান্ত কার্যক্রমের চূড়ান্ত অনুমোদনের জন্য রিজেন্ট বোর্ডে উপস্থাপন করা হয়।
জানা গেছে, চতুর্থ সমাবর্তনে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ আবদুল হামিদের পক্ষে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সেক্রেটারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বিজ্ঞানী অধ্যাপক ড. হাসিনা খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন। এ ছাড়া সংসদ সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, সামরিক ও বেসামরিক প্রশাসনসহ আমন্ত্রিত অতিথিরা থাকবেন।
এবারের সমাবর্তনে বিভিন্ন শ্রেণিতে ৫৭ জন স্বর্ণপদক ও অ্যাওয়ার্ড পাবেন। এরমধ্যে প্রত্যেক অনুষদে ডিস্টিংশনসহ সর্বোচ্চ সিজিপিএপ্রাপ্ত শিক্ষার্থী চ্যান্সেলর স্বর্ণপদক পাবেন। এ শ্রেণিতে এবারের সমাবর্তনে ২২ জন গ্রাজুয়েট চ্যান্সেলর স্বর্ণপদক পাচ্ছেন। প্রত্যেক অনুষদের অধীনে প্রতিটি বিভাগের মধ্যে সর্বোচ্চ সিজিপিএপ্রাপ্ত শিক্ষার্থী ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পাবেন। এ শ্রেণিতে এবার অ্যাওয়ার্ড পাচ্ছেন ২৬ জন গ্রাজুয়েট। এছাড়া প্রত্যেক বিভাগের মধ্যে সর্বোচ্চ সিজিপিএপ্রাপ্ত শিক্ষার্থী ডিন অ্যাওয়ার্ড পাবেন। এ শ্রেণিতে এবার ৯ জন গ্রাজুয়েট ডিন অ্যাওয়ার্ড পাচ্ছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গ্রাজুয়েটরা সংশ্লিষ্ট বিভাগ থেকে ১৬ ও ১৭ ফেব্রুয়ারি তাদের সমাবর্তন গাউন ও উপহারসামগ্রী সংগ্রহ করতে পারবেন। যবিপ্রবির প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলার পরীক্ষার নিয়ন্ত্রক দপ্তর থেকে ‘না দাবি সনদ’ এবং গাউন জমার ‘রসিদ’ নির্ধারিত বুথে জমাদানপূর্বক মূল সনদ সংগ্রহ করতে পারবেন। সমাবর্তন অনুষ্ঠান নির্বিঘ্নে করতে বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে। ওই দুই দিন সকল বিভাগ ও দপ্তরের দাপ্তরিক কার্যক্রম যথারীতি পরিচালিত হবে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের গাড়ি নির্দিষ্ট রুট অনুযায়ী চলাচল করবে। গ্রাজুয়েটদের সুবিধার্থে যশোর শহরের পালবাড়ি মোড়-ক্যাম্পাস পর্যন্ত বাস শিডিউল অনুযায়ী চলবে।
জানা গেছে, কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তন মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়েছে। বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাসের প্রধান সড়ক, বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবন, স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনসহ বিভিন্ন স্থান। ২০১৮ সালের পর চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে নবীন-প্রবীণ শিক্ষার্থীদের মিলনমেলায় মুখরিত হবে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।