চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৫৯ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ২২:২১ পিএম
খোলাবাজার থেকে মানহীন ভেজাল গুঁড়ো দুধ কিনে নিজস্ব মোড়কে বিক্রির অভিযোগে এনজিএস ফুড প্রোডক্ট নামে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। তা ছাড়া সাগর দে নামে প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তাকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন একই আদালত।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানে বিএসটিআইয়ের প্রতিনিধি এবং আকবরশাহ থানা পুলিশ সহযোগিতা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এনজিএস ফুড প্রোডাক্টসের কারখানায় অবৈধ উপায়ে দুধ মোড়কজাত করছে এবং খোলাবাজার থেকে গুঁড়ো দুধ এনে ডানো গুঁড়া দুধ নামে এবং স্যামা মিল্ক নামক গুঁড়ো দুধ এনে নিজেদের নামে মোড়কজাত করছিল বলে তথ্য ছিল। অভিযান চালিয়ে এর সত্যতা পান ভ্রাম্যমাণ আদালত। অনিয়মের দায়ে তাদের দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
প্রতিষ্ঠানটির সার্বিক দেখাশোনা করতেন সাগর দে নামে একজন কর্মকর্তা। তাই তাকেও সাজা দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।