সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৩৯ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:২০ পিএম
অভিযুক্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান। প্রবা ফটো
সাতক্ষীরার শ্যামনগরে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় উপজেলার বাদাঘাটা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অভিযুক্ত শিক্ষকের নাম লুৎফর রহমান। তিনি শ্যামনগরের ১৬ নম্বর কল্যাণপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। দুপরে তাকে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।'
এজাহার থেকে জানা গেছে, ওই ছাত্রী সম্প্রতি কল্যাণপুর প্রাথমিক বিদ্যালয় থেকে পাশ করে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছে। লুৎফর রহমান ওই ছাত্রী ও তার ভাইকে বাড়িতে প্রাইভেট পড়াতেন। কিছুদিন আগে ছাত্রীকে প্রাইভেট পড়ানোর সময় ধর্ষণের চেষ্টা করেন। তার চিৎকারে পরিবারে লোকজন ও প্রতিবেশীরা ছুটে আসলে ওই শিক্ষক পালিয়ে যান।
ছাত্রীর বাবা বলেন, ‘বিষয়টি জেলা শিক্ষা অফিসারকে জানিয়ে আইনগত ব্যবস্থা নিয়েছি। ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।’
মামলার তদন্ত কর্মকর্তা শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) শাখাওয়াত হোসেন বলেন, ‘এ ঘটনায় ছাত্রীর বাবা শ্যামনগর থানায় একটি মামলা করেছেন। এই মামলায় ওই শিক্ষককে আমরা বাড়ি থেকে গ্রেপ্তার করেছি। মঙ্গলবার সাড়ে ১২টায় তাকে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।’
ওই শিক্ষকের পরিবারের সদস্যদের দাবি, পরিকল্পিতভাবে লুৎফর রহমানকে ফাঁসানো হয়েছে।