গাজীপুর মহানগরীর সালনা নাসিরুদ্দিন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন। এতে বন্ধ রয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে তিন থেকে চার শতাধিক শিক্ষার্থী এই আন্দোলন শুরু করেন। তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা করছে পুলিশ।
শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের এই অধ্যক্ষকে পদত্যাগ না করা পর্যন্ত রাস্তা থেকে যাব না। তিনি আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেন। একজনের বেতন ১ মাসের বাকি থাকলে ক্লাস হতে বের করে দেন। কোনো অভিযোগ নিয়ে গেলে সমাধান করেন না। কোনো ম্যানিজিং কমিটি নেই, ক্লাস হয় না ঠিকমতো কিন্তু এগুলো বলতে গেলে অভিভাবক ও আমাদের সাথে খারাপ ব্যবহার করে।’
ওই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল বলেন, দীর্ঘদিন ধরে আমরা অধ্যক্ষের বিষয়ে অভিযোগ করলেও কোনো প্রতিকার পাইনি। এ জন্য বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করেছি।
গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) মো. আসাদুজ্জামান বলেন, সালনা এলকায় অবস্থিত নাসিরুদ্দিন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে রাস্তা অবরোধ করেছেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে জেলা, হাইওয়ে ও ট্রাফিক পুলিশ রয়েছে। তাদেরকে বুঝিয়ে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
এ বিষয়ে ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমা নাজরিনের সঙ্গে যোগাযোগ করতে চাইলেও তাকে পাওয়া যায়নি। তার মুঠোফোন বন্ধ রয়েছে।