চট্টগ্রাম আইনজীবী সমিতি
চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৫৯ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:০৩ পিএম
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত ঐক্য পরিষদের প্রার্থী নাজিম উদ্দিন চৌধুরী সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী সমর্থিত সমন্বয় পরিষদের প্রার্থী মনতোষ বড়ুয়ার চেয়ে ১ হাজার ২৮৬ ভোট বেশি পেয়ে তিনি জয়লাভ করেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে ৪৫৬ ভোট বেশি পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত সমন্বয় পরিষদের প্রার্থী মোহাম্মদ এমরান।
রবিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়। এর আগে একইদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে রাত ২টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার রতন কুমার রায়।
ফলাফলে দেখা যায়, এবার নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সমন্বয় পরিষদ সাধারণ সম্পাদকসহ ১২টি পদে জয়লাভ করে। অপরদিকে বিএনপি-জামায়াত সমর্থিত ঐক্য পরিষদ সভাপতিসহ ৯ পদে জয়লাভ করেছে। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সিনিয়র সহ-সভাপতি পদে সমন্বয় পরিষদের প্রার্থী মোহাম্মদ সেকান্দর চৌধুরী, সহ-সভাপতি পদে একই পক্ষের আবদুল হক।
অর্থ সম্পাদক পদে সমন্বয় পরিষদের প্রার্থী মোশারফ হোছাইন। পাঠাগার সাধারণ সম্পাদক পদে একই পক্ষের প্রার্থী মোহাম্মদ ফখরুল হোসাইন নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সাংস্কৃতিক সম্পাদক পদে ঐক্য পরিষদের মো. খোরশেদ আলম বেলাল। ক্রীড়া সম্পাদক পদে একই পক্ষের প্রার্থী মো. ওমর ফারুক ও তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে ঐক্য পরিষদের প্রার্থী অলি আহমদ নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে নির্বাহী সদস্য পদের ১১টি পদে নির্বাচিত হয়েছেন সমন্বয় পরিষদের চৌধুরী আহমেদ মহসিন, মিঠুন দাশ, এডিএম আরুছুর রহমান আরুছ, মো. মহিউদ্দিন আতিক ও মাযহারুল ইসলাম চৌধুরী হীরা নির্বাচিত হন।
ঐক্য পরিষদের মো. জসিম উদ্দিন, সাজ্জাদ কামরুল হোসেন, মো. জাহিদুল ইসলাম, মো. আবদুল হালিম, তৌহিদ হোছাইন সিকদার, মো. নাসিমুল আবেদিন চৌধুরী রায়হান ও মো. সাদ্দাম হোসেন নির্বাচিত হন।