× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুরআন ছুঁয়ে ‘আনুগত্যের শপথ’ এমপি ফারুকের অফিসে

রাজশাহী প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৩১ পিএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৫৫ পিএম

পবিত্র কুরআন শরিফ ছুঁয়ে শপথ করানো হচ্ছে জনপ্রতিনিধিদের। প্রবা ফটো

পবিত্র কুরআন শরিফ ছুঁয়ে শপথ করানো হচ্ছে জনপ্রতিনিধিদের। প্রবা ফটো

এবার জনপ্রতিনিধিদের পবিত্র কুরআন শরিফ ছুঁইয়ে ‘অনুগত থাকার’ শপথবাক্য পাঠ করিয়েছেন সংসদ সদস্য (এমপি) ওমর ফারুক চৌধুরী। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ালে তা নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। তবে এ বিষয়ে এমপির বক্তব্য পাওয়া যায়নি। তার অনুসারী এক চেয়ারম্যান অবশ্য দাবি করেছেন, এমপি কাউকে শপথ করাননি, স্বেচ্ছায় করেছেন তারা।

১৩ জন জনপ্রতিনিধির শপথ নেওয়ার পাঁচটি ভিডিও ক্লিপ রবিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার পরে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এসব ক্লিপের মধ্যে কোনোটি এক মিনিটের, কোনোটি দুই মিনিটের আবার কোনোটি পাঁচ মিনিটের। এসব ক্লিপে দেখা গেছে, শনিবার রাতে জাতীয় সংসদ ভবনে ওমর ফারুক চৌধুরীর কার্যালয়ে তার নির্বাচনী এলাকার জনপ্রতিনিধি ও দলীয় নেতা কুরআন শরিফ ছুঁইয়ে শপথ করছেন। 

এতে আরও দেখা যায়, এমপি ওমর ফারুক চৌধুরী তার কার্যালয়ের কক্ষে চেয়ারে বসে মোবাইল ফোনে ভিডিওচিত্র ধারণ করছেন। সামনে টেবিলের ওপর কুরআন শরিফ রাখা। গোদাগাড়ী ও তানোর উপজেলার জনপ্রতিনিধি ও নেতারা একে একে এসে সেটি ছুঁয়ে শপথ করছেন। শপথবাক্য বলতে গিয়ে কোথাও থেমে গেলে এমপি ফারুক বলে দিচ্ছেন, কী বলতে হবে।

ভিডিওর একটি অংশে দেওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেলকে কুরআন শরিফ ছুঁয়ে শপথ করতে শোনা যায়, ‘আলহাজ্জ ওমর ফারুক চৌধুরীর নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের এলাকায় দলীয় সব কার্যক্রম পরিচালনা করব।’ 

এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি আওয়ামী লীগের কোনো নেতা। তবে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী জানিয়েছেন, বারবার দলকে ও নিজেকে সমালোচিত করায় এমপি ওমর ফারুকের পায়ের নিচের মাটি সরতে শুরু করেছে। এ কারণে জাতীয় নির্বাচনের আগেই তিনি নানা কায়দায় দলের স্থানীয় নেতাদের নিজের কাতারে আনার চেষ্টা করছেন। এমপির সঙ্গে জেলা আওয়ামী লীগেরও টানাপড়েন সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, দলীয় কর্মসূচিগুলো তিনি আওয়ামী লীগের সঙ্গে সমন্বয় না করে নিজের মতো করে চালাচ্ছেন। স্থানীয় আওয়ামী লীগ তার বিপক্ষে সরব।  

কুরআন শরিফ ছুঁয়ে শপথে যারা অংশ নিয়েছেন, তাদের একজন গোদাগাড়ী উপজেলার চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘এমপি ফারুক চৌধুরী সাহেব আমাদের শপথ করাননি। আমরা নিজেরাই গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়েজ উদ্দিনের নেতৃত্বে এটা করেছি। বরং উনি নিষেধই করছিলেন। তবে ইউনিয়ন চেয়ারম্যানরা তা মানেননি।’

দেওপাড়া ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন বলেন, ‘আমরা এলোমেলো ছিলাম, আমরা উপজেলার সভাপতির মাধ্যমে ঐক্যবদ্ধ হব।’ একই কথা বলেন মাটিকাটা ইউপি চেয়ারম্যান সোহেলসহ শপথ অনুষ্ঠানে উপস্থিত অন্য জনপ্রতিনিধিরাও।

এ সময় গোদাগাড়ী উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, গোদাগাড়ী উপজেলার চেয়ারম্যান ও তানোর উপজেলার চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নাসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও নেতারা ছিলেন।

এ নিয়ে কথা বলার জন্য চেষ্টা করেও রাজশাহী-১ আসনের এমপি ওমর ফারুক চৌধুরীর সঙ্গে মোবাইলে যোগাযোগ করা সম্ভব হয়নি। সাংবাদিক পরিচয় জানিয়ে তাকে এসএমএস করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি আওয়ামী লীগের একটি অংশের নেতারাও। 

রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি অনিল কুমার সরকার জানান, তিনি এ বিষয়ে অবগত নন। তাই কোনো মন্তব্য করবেন না। 

সীমান্ত এলাকার মাদক কারবারিদের পৃষ্ঠপোষকতার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় এসে, কখনও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পাশাপাশি শিক্ষক পিটিয়ে, কখনও আবার দলের নেতাকর্মীদের মারপিট ও গালিগালাজ করে দল ও নিজেকে একাধিকবার সমালোচিত করেছেন আওয়ামী লীগের তিনবারের এমপি ফারুক চৌধুরী।

কুরআন ছুঁয়ে শপথ করানোর ভিডিও প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের বর্তমান সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, ‘ভিডিওতে আমি যেটকু দেখেছি তা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। এর বাইরে অন্য কিছু বলতেও আমার ঘৃণা হচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা