সিলেট অফিস
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৩৪ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:০১ পিএম
প্রতীকী ছবি
সিলেট নগরীর শেখঘাট এলাকা থেকে সোনিয়া বেগম নামে এক কলেজছাত্রীর গলা কাটা দেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে শেখঘাট খুলিয়াটুলার নীলিমা আবাসিক এলাকার একটি বাসা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
সোনিয়া বেগম ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও গ্রামের সেলিম মিয়ার মেয়ে এবং দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন। পরিবারের সঙ্গে তিনি শহরের খুলিয়াটুলার নীলিমা আবাসিক এলাকার ভাড়া বাসায় থাকতেন।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর সোয়া ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে।
পরিবারের বরাত দিয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, রবিবার সকালে হঠাৎ করে সোনিয়ার বাবা সেলিম মিয়া অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে হাসপাতালে যান পরিবারের সদস্যরা। এ সময় বাসায় সোনিয়ার সঙ্গে তার ভাবি ছিলেন। দুপুর ১২টার দিকে সোনিয়ার সাড়া শব্দ না পেয়ে ভাবি তার কক্ষে গিয়ে বিছানায় গলা কাটা দেহ পড়ে থাকতে দেখেন। পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তারা বাসায় ফিরে পুলিশে খবর দেন।
মরদেহের পাশে কাপড় কাটার একটি কাঁচি পাওয়া গেছে বলেও জানান ওসি।