বগুড়া অফিস
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৩৫ পিএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ২০:০৩ পিএম
সংগৃহীত ছবি
বগুড়ার সোনাতলায় বিএনপির পদযাত্রা থেকে আটক ১৪ নেতাকর্মী মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছে। আটকের প্রায় ৩ ঘণ্টা পর শনিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার সদর, জোড়গাছা ও মধুপুর ইউনিয়ন বিএনপির পদযাত্রা থেকে তাদের আটক করা হয়।
আটক নেতাদের মধ্যে মধুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মমিনুল ইসলাম স্বপন, সদর ইউনিয়নের যুগ্ম সম্পাদক রুবেল সরকার ও মিজানুর রহমান ছিলেন। বাকিরা ওই তিন ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
সোনাতলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কেএম হুমায়ুন কবির বলেন, বিদ্যুৎ, গ্যাস, নিত্যপণ্যসহ কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ, খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়ন পর্যায়ে বিএনপির পক্ষ থেকে পদযাত্রা শুরু করা হয়। পদযাত্রা থেকে ১৪ নেতাকর্মীকে আটক করে পুলিশ। পরে তাদের ছেড়ে দিয়েছে।
ওসি সৈকত হাসান জানান, সড়কে বিশৃঙ্খলার অভিযোগে বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের ১৪ নেতাকর্মীকে আটক করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের পর মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।