× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরগুনা জেলা বিএনপি

টাকা নিয়ে পদ বাণিজ্য, নেতাদের অস্বীকার

বরগুনা প্রতিবেদক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৩৫ পিএম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩ ২০:১৯ পিএম

বরগুনা জেলা বিএনপির সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক এজেডএম সালেহ ফারুক।   প্রবা ফটো

বরগুনা জেলা বিএনপির সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক এজেডএম সালেহ ফারুক। প্রবা ফটো

বরগুনা জেলার বামনা উপজেলা বিএনপির সদস্য জাকির খানের কাছ থেকে চেকের মাধ্যমে নেওয়া টাকা ‘পদ বাণিজ্যের নয়, অনুদান’ বলে দাবি করেছে জেলা বিএনপি।

শুক্রবার (১০ ফেব্রয়ারি) সকাল ১১ টার সময় জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করেন বিএনপির নেতারা।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক এজেডএম সালেহ ফারুক ও যুগ্ম আহবায়ক তালিমুল ইসলাম পলাশ স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন এজেডএম সালেহ ফারুক।

তিনি বলেন, ‘সম্প্রতি জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলম ফারুক মোল্লাসহ বিএনপির কয়েকজন নেতাকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে টাকা নিয়ে পদ বাণিজ্যের খবর প্রকাশিত হয়েছে। সেখানে বরগুনা-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাকির খানের কাছ থেকে পদ বাণিজ্যের জন্য চেকের মাধ্যমে টাকা নেওয়ার কথা বলা হয়েছে। আসলে ‘পদ বাণিজ্যের’ যে অভিযোগ উঠেছে এটি সত্য নয়। তবে জাকির খানের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি সত্য।’  

জাকির খান একজন দানশীল ব্যক্তি উল্লেখ করে এজেডএম সালেহ ফারুক বলেন, ‘তার (জাকির খান) কাছ থেকে নেওয়া অনুদানের টাকা আহ্বায়ক মাহবুব আলম ফারুক মোল্লা, যুগ্ম আহ্বায়ক এজেডএম সালেহ ফারুকসহ অন্য নেতারা বিভিন্ন মসজিদ, মাদ্রাসায় ব্যয় করেছেন।’ 

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ‘আহ্বায়ক কমিটি দায়িত্ব নেওয়ার পর সাংগঠনিক কর্মকাণ্ড বেগবান করতে কেন্দ্রের নির্দেশে জেলার ১০টি ইউনিটের নয়টি পুর্নগঠন করা হয়েছে। আহ্বায়ক কমিটির সাংগঠনিক তৎপরতা দেখে বিএনপির জনবিচ্ছিন্ন কিছু নেতা ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্রের পাঁতারায় শুরু করেছে। এই নেতারা শুধুমাত্র কেন্দ্রীয় নেতাদের আগমনের সময় হাজিরা দিয়ে চলে যান। তারাই মোবাইল ফোনের আলাপ এডিট করে বিকৃতভাবে গণমাধ্যমের কাছে সরবরাহ করে ফায়দা নেওয়ার চেষ্টা করেছে।’

পদ বাণিজ্যের অভিযোগকারীদের ‘বর্ণচোরা’ উল্লেখ করে বলা হয়, ‘তারা আওয়ামী এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে জেলা বিএনপিকে দুর্বল ও গণবিচ্ছিন্ন করার পাঁয়াতারায় লিপ্ত।’ ‘ষড়যন্ত্রকারী’ বিএনপির ‘বর্ণচোরা’ এসব নেতাদের বিরুদ্ধে কেন্দ্রকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়।

সম্প্রতি বরগুনা জেলা বিএনপির আহ্বায়কসহ জেলার শীর্ষস্থানীয় চার নেতার বিরুদ্ধে পদ পাইয়ে দিতে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠে। স্থানীয় এক বিএনপি নেতা এই অভিযোগের সমর্থনে লেনদেনের তথ্যও সরবরাহ করেন। পরবর্তীতে জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহীন এবং কেএম শফিকুজ্জামান মাহফুজের কাছে ইউনিট কমিটি থেকে বাণিজ্যের অভিযোগ এলে তারা তথ্য উপাত্তসহ কেন্দ্রে লিখিতভাবে সরবরাহ করেন বলে জানাান।

জেলা বিএনপির শীর্ষ পদের সাবেক এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, জেলা বিএনপির  আহ্বায়ক কমিটি গত ১৮ জুন বিএনপির বরগুনা জেলার উপজেলা পৌরসভাসহ ১০টি ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করে। এর উদ্দেশ্য ছিল নতুন কমিটি গঠনের নামে পদ-বাণিজ্য। সেটাই বর্তমান আহ্বায়ক কমিটি করেছে। টাকা নিয়েই কমিটিগুলো করা হয়েছে। এই ১০টি ইউনিট কমিটি গঠনে প্রায় এক কোটি টাকার পদ বাণিজ্য হয়েছে। বিষয়টি গত বছরের অক্টোবরে লিখিতভাবে কেন্দ্রকে জানানো হয়েছে। এর সঙ্গে ১০৮ পৃষ্ঠার তথ্য-উপাত্তও সরবরাহ হয়েছে।

তিনি আরও জানান, গত বছর বরগুনা-২ আসনের বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেনের মৃত্যুর পর বামনা উপজেলা বিএনপির ৩ নম্বর সদস্য জাকির হোসেন খান নামে এক ব্যবসায়ী ওই আসনে বিএনপি থেকে মনোনয়ন চাইতে রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করেন। নিজের অনুসারীদের বরগুনা-২ আসনের আওতাধীন বামনা-পাথরঘাটা-বেতাগী উপজেলা ও পৌর ইউনিটে পদ পাইয়ে দিতে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লা, সদস্য সচিব প্রয়াত তারিকুজ্জামান টিটু, দুই যুগ্ম আহ্বায়ক এ জেড এম সালেহ ফারুক ও তালিমুল ইসলাম পলাশকে ম্যানেজ করতে ১০ লাখ টাকার চেক দেন।

জাকির হোসেন খান দেশের বাইরে থাকায় এ বিষয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে চেকের মাধ্যমে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন আহ্বায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লাও।

তিনি বলেন, ‘একটি মাদ্রাসার কাজের জন্য আমি জাকির খানের কাছ থেকে টাকা নিয়েছিলাম। এখানে পদ দেওয়ার কোনো বিষয় নেই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা