বাগেরহাট প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৫৯ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৩৮ পিএম
বাগেরহাটের মোরেলগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। প্রবা ফটো
বাগেরহাটের মোরেলগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত বাচ্চু মৃধা জিউধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাবেক সভাপতি।
শুক্রবার ভোরে ওই স্কুলছাত্রীকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ছুরিকাঘাতে তার ডান হাতের তিনটি আঙুল ও হাটুতে জখম হয়েছে। আহত কিশোরী স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
কিশোরীর বাবা বলেন, ‘বৃহস্পতিবার রাতে আমার মেয়ে ঘরে একা ছিল। রাত দুটার দিকে বাচ্চু মৃধা কৌশলে ঘরে ঢুকে আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। আমার মেয়ে বাধা দিলে বাচ্চু তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনার পর থেকে বাচ্চু পলাতক রয়েছে।’
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, ’রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। হাসপাতালেও পুলিশ পাঠিয়ে স্কুলছাত্রীর খোঁজ-খবর নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ কেউ দেয়নি। তবে পুলিশ এ বিষয়ে কাজ করছে।’