কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৪৬ পিএম
বৃহস্পতিবার কুমিল্লা পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। প্রবা ফটো
দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সফল হয়েছে বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘রাজধানীর হলি আর্টিজান হোটেলে হামলার পর আর দেশে জঙ্গিবাদের কোনো ঘটনা ঘটেনি। জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আমরা সফল হয়েছি।’
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে কুমিল্লা পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন আইজিপি।
তিনি বলেন, ‘জঙ্গিবাদ নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব ও মিডিয়া ব্যাপক ভূমিকা রাখছে। কুমিল্লা থেকে যে ছেলেগুলো নিখোঁজ হয়েছে তাদের আমরাই শনাক্ত করেছি। মাননীয় প্রধানমন্ত্রী জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন।’
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি নিয়ে প্রশ্ন করা হলে আইজিপি বলেন, ‘দীর্ঘদিন দায়িত্ব পালন করতে গিয়ে কোন পরিস্থিতি কীভাবে রপ্ত করতে হয়, সে সম্পর্কে ধারণা লাভ করেছি। আগামী দিনের কর্মসূচিগুলোতে কীভাবে কাজ করতে হবে তা আমরা জানি।’
কুমিল্লার বিষয়ে তিনি বলেন, ‘চাকরির সুবাদে কুমিল্লা পুলিশ লাইনসে ছয় মাস থেকেছি। দাউদকান্দিতে চাকরি করেছি। কুমিল্লার প্রতি ভালোবাসা অনেক পুরোনো। বহুদিন পর আজ আবার কুমিল্লায় এলাম।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।