তুরস্কে ভূমিকম্পে আহত বাংলাদেশি শিক্ষার্থী
বগুড়া অফিস
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৩৪ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৪৯ পিএম
জীবিত উদ্ধার হওয়া শিক্ষার্থী গোলাম সাঈদ রিংকু। প্রবা ফটো
তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে আহত বাংলাদেশি শিক্ষার্থী গোলাম সাঈদ রিংকুকে উন্নত চিকিৎসার জন্য দেশটির রাজধানী আঙ্কারায় নেওয়া হচ্ছে। তুরস্কের স্থানীয় সময় দুপুর ২টার দিকে (বাংলাদেশ সময় বিকাল ৫টা) তাকে হাসপাতালে ভর্তি করা হবে।
তুরস্কে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স রফিকুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘রিংকু ভালো আছেন। তবে তিনি বর্তমানে যে হাসপাতালে আছেন, সেখানে অনেক রোগী। চিকিৎসকরা জানিয়েছেন রিংকুর শরীরে পটাশিয়ামের পরিমাণ একটু বেড়ে গেছে। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে আঙ্কারার একটি হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমানযোগে তাকে ওই হাসপাতালে নেওয়া হবে।’
তুরস্কে ভূমিকম্পে বিধ্বস্ত বাড়ি-ঘরের নিচে চাপা পড়েন রিংকু। তবে তার আঘাত গুরুতর নয় বলে তিনি নিজেই পরিবারের সদস্যদের জানিয়েছেন। রিংকুর বাবা গোলাম রব্বানী বুধবার সন্ধ্যায় প্রতিদিনের বাংলাদেশকে জানান, তার ছেলের সঙ্গে আজ (বুধবার) সকালে এবং বিকালে ভিডিও কলে তিনি কথা বলেছেন। রিংকু বলেছে তার শরীরের কোথাও কোনো জখম নেই। শুধু হাত ও পায়ে ফোলা আছে এবং ধুলা-বালির কারণে চোখ দুটি লাল হয়েছে।
রিংকুর বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের দেওনাই গ্রামে। ২০১৫ সালে উচ্চশিক্ষার জন্য তিনি তুরস্কে পাড়ি জমান। তিনি সেখানকার কারামানমারাস প্রদেশের একটি বিশ্ববিদ্যালয়ে ভূগোল বিষয়ে মাস্টার্স করছিলেন। পড়ালেখার পাশাপাশি সেখানে খণ্ডকালীন চাকরিও করতেন।
কাহারামানমারাস প্রদেশে রিংকু যে ভবনে বসবাস করতেন, গত সোমবার ভোরে সংঘটিত ভূমিকম্পে তা ধসে পড়ে। ভূমিকম্পের পরপরই তার সঙ্গে থাকা নূরে আলম নামে অপর একজন শিক্ষার্থী দ্রুত বের হতে পারলেও রিংকু ভেতরে আটকা পড়েন। তারপর থেকেই রিংকুর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে তুরস্কের বাংলাদেশ দূতাবাস থেকে রিংকুর নিখোঁজের বিষয়টি তার পরিবারকে জানানো হয়। এতে তার বাবা-মা সহ আত্মীয়-স্বজনরা ভেঙে পড়েন। তবে প্রায় ৩৬ ঘণ্টা পর মঙ্গলবার তুরস্কের স্থানীয় সময় ৬টার দিকে (বাংলাদেশ সময় রাত ৯টা) দিকে রিংকুর সন্ধান পাওয়া যায়। পরে তাকে কাহারামানমারাস সুতচু ইমাম ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অব মেডিসিন ট্রেনিং রিসার্চ অ্যান্ড অ্যাপ্লিকেশন হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিংকু বুধবার মোবাইল ফোনের ভিডিও কলে তার বাবা গোলাম রব্বানীর সঙ্গে কথা বলেন।