× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্ঘটনা যানজটে নাকাল রূপগঞ্জ

সাইফুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৩৮ পিএম

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:০২ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিভিন্ন সড়কে নির্মাণসামগ্রী রাখায় যানজট ও দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। প্রবা ফটো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিভিন্ন সড়কে নির্মাণসামগ্রী রাখায় যানজট ও দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। প্রবা ফটো

নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিভিন্ন সড়ক দখল করেই চলছে ভবন নির্মাণের কাজ। নির্মাণসামগ্রী রাখতে দখল করা হয়েছে ফুটপাথ। এতে সংকুচিত হয়েছে সড়কের প্রশস্ততা। সৃষ্টি হচ্ছে যানজট, অহরহ ঘটছে দুর্ঘটনা। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই যত্রতত্র ইট-পাথর-বালু ফেলে রাখছেন ভবনমালিকরা। এতে যাত্রী ও যানবাহনের চালকরা সীমাহীন দুর্ভোগে পড়ছেন। 

সড়কে ইট, বালু, সিমেন্ট ও পাথরসহ বিভিন্ন নির্মাণসামগ্রী রাখা বেআইনি। তারপরও এ বিধান কেউ মানছেন না। আবার অনেক ইট-বালু-রড ব্যবসায়ী রাস্তার ওপর তাদের মালপত্র রেখে ব্যবসা পরিচালনা করছেন। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলে এলেও রূপগঞ্জ প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে কোনো জোর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে স্থানীয়দের পক্ষ থেকে অভিযোগ উঠেছে।

এলাকা ঘুরে দেখা গেছে, ছোট-বড় প্রায় সব সড়কের কোথাও-না কোথাও ফেলে রাখা হয়েছে নির্মাণসামগ্রী। একটু বাতাস হলেই ধুলোবালির নিচে ঢাকা পড়ছে আশপাশ। কোথাও কোথাও সড়কের অর্ধেকের বেশি জায়গা দখল করে নির্মাণসামগ্রী রেখে বহুতল ভবন গড়ে তোলার কাজ চলছে। এতে যানজট ও দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। সড়কের ওপর এভাবে কাজ করতে গিয়ে শ্রমিকরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

পথচারীরা অভিযোগ করেন, সড়ক দখল করে নির্মাণসামগ্রী ফেলে রাখার বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো লাভ হচ্ছে না। উপজেলার বেশকিছু এলাকায় সড়কের ওপর নির্মাণসামগ্রী রেখে সরকারিভাবে উন্নয়নকাজও চলছে। কিন্তু যত্রতত্র নির্মাণসামগ্রী পড়ে থাকায় দূষিত হচ্ছে পরিবেশ, ম্লান হচ্ছে সৌন্দর্য। উপজেলার ভুলতা, গোলাকান্দাইল, তারাব, চনপাড়া, নগরপাড়া, ইছাখালী, ভোলাব, দাউদপুর, রূপগঞ্জ সদরসহ আশপাশের বিভিন্ন এলাকার সড়কের ওপরই দেখা যাচ্ছে ইট, বালু, খোয়ার স্তূপ। সড়কের ওপর নির্মাণসামগ্রী ফেলে রাখায় ঝুঁকির কথা জানিয়েছেন নির্মাণ শ্রমিকরাও। এলাকাবাসী বলছেন, কোনো কোনো স্থানে মাসের পর মাস পড়ে থাকছে নির্মাণসামগ্রী। কম-বেশি গোটা উপজেলায় একই চিত্র। 

চনপাড়া-কালীগঞ্জ সড়কের পথচারী ফজর আলী বলেন, ‘অনেকদিন ধরেই এ সড়কের ওপর পাথর, বালু, ইট ও কংক্রিট রেখে ভবন নির্মাণকাজ চলছে। এতে সাধারণ পথচারীদের চলাচলে দুর্ভোগ বেড়েছে। সড়কের ওপর নির্মাণসামগ্রী রেখে ভবন নির্মাণ করার নজির পৃথিবীর কোথাও নেই।’ 

ভুলতা সড়কে চলাচলকারী সিএনজিচালক কবির হোসেন বলেন, ‘রাস্তার ওপর ইট-বালু রাখার কারণে বেশ কয়েকবার দুর্ঘটনার শিকার হয়েছি। গাড়ি চালাতে গিয়ে রূপগঞ্জের অনেক রাস্তাই এমনটা দেখেছি। দুর্ভোগের কথা স্বীকার করে একই সড়কের রিকশাচালক মিজান বলেন, ‘কি বলব! আমরা গরিব মানুষ। আমাদের কথা তো কেউ শুনবে না। তাই এসব দেখার পরও চুপ থাকতে হয়।’ 

দাউদপুর এলাকার বাড়ির মালিক জামান মিয়া বলেন, ‘আসলে এসব নির্মাণসামগ্রী নিয়ে যাব কোথায়? ভবন নির্মাণকাজের ফাঁকে আস্তে আস্তে এসব সরিয়ে নেওয়া হবে।’ বাঘের বাড়ী এলাকার রহম আলী বলেন, ‘বাড়িতে রেখে কাজ করব, সেই জায়গা নেই। তা ছাড়া দোকান নির্মাণ করা হচ্ছে রাস্তার পাশে, তাই সুবিধার জন্য রাস্তার ওপরই কাজ করতে হচ্ছে।’ তারাব পৌরসভার নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘সড়কের ওপর নির্মাণসামগ্রী রেখে কোনো ব্যক্তি মালিকানাধীন ভবন নির্মাণ করতে পারে না।’ 

রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, ‘রাস্তার ওপর নির্মাণসামগ্রী রেখে কাজ করা অন্যায়। একে তো যানজট হয়, এরপর দুর্ঘটনা ঘটে।’ রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল হক বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। শিগগির অভিযানে নামব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা