নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:২৭ এএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ১১:২৫ এএম
হাতিয়া থেকে ঢাকায় নেওয়ার সময় ১০ মণ জাটকা ইলিশ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। প্রবা ফটো
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে ঢাকায় নেওয়ার সময় ১০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও দুটি মামলায় জাটকা পরিবহনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে সদর উপজেলার সোনাপুর জিরো পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজীদ বিন আখন্দ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার টাংকির ঘাট থেকে সুবর্ণচর-নোয়াখালী হয়ে ঢাকায় বিক্রির জন্য জাটকা ইলিশ একটি ট্রাকে পরিবহন করা হচ্ছিল। খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় ট্রাক থেকে ৪০০ কেজি জাটকা জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুটি পৃথক মামলায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে জব্দ করা জাটকা শিশু পরিবারসহ ২৫টি এতিমখানা ও মাদ্রাসার ছাত্রদের মাঝে বিতরণ করা হয়।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজীদ বিন আখন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান চলবে। পাশাপাশি জাটকা কেনা নিয়ে ক্রেতাদের সতর্ক থাকতে হবে।
জাটকা ইলিশ রক্ষায় গত ১ নভেম্বর থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত নদ-নদীতে জাটকা মাছ ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এ সময়ে জাটকা পরিবহন, বিক্রি ও বাজারজাতকরণও নিষিদ্ধ করা হয়েছে। তবে বড় আকারের ইলিশ ধরতে কোনো বাধা নেই।