খুলনা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:২১ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৪০ পিএম
আটককৃত দুজন। প্রবা ফটো
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় র্যাবের অভিযানে বাঘের চামড়া উদ্ধার করা হয়েছে। এ সময় চামড়া সংরক্ষণ ও পাচারের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে র্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘শ্যামনগর থানা এলাকায় পাচারকারী চক্রের কয়েকজন সদস্য বাঘের চামড়া পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে। সোমবার রাতে এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল শ্যামনগর থানার হরিণনগর ধল এলাকায় অভিযান চালায়। এ সময় হাফিজুর শেখ ও ইসমাইল শেখকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি বাঘের চামড়া জব্দ করা হয়েছে।’
তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, তারা মাছ ধরতে ও গোলপাতা সংগ্রহের উদ্দেশ্যে সুন্দরবনে যায়। তারপর বাঘের খাবার হিসেবে ছাগলের মাংসের মধ্যে বিষাক্ত কীটনাশক ব্যবহার করে বাঘসহ বিভিন্ন ধরনের বন্যপ্রাণী শিকার করে। শিকার করা প্রাণীর চামড়া চড়া মূল্যে বিক্রি করে।
পাচারকারী চক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাব-৬-এর অধিনায়ক।