কক্সবাজার সংবাদদাতা
প্রকাশ : ২৭ আগস্ট ২০২২ ১৫:২৬ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২২ ১৭:২৩ পিএম
টেকনাফে আইস ও ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। ছবি : প্রবা
কক্সবাজারের টেকনাফের নাফ নদীর সীমান্ত থেকে ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে বিজিবি।
বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার শনিবার দুপুরে প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী বাজারের পেছনে লবণের মাঠ থেকে শনিবার রাতে ১ কেজি ৭০ গ্রাম আইস ও ৫০ হাজার ইয়াবা উদ্ধার করে বিজিবি। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ বলেন, মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। একপর্যায়ে মিয়ানমারের জলসীমার শূন্যরেখা অতিক্রম করে দুজন ব্যক্তিকে আসতে দেখেন বিজিবির সদস্যরা। তখন তাদের থামার জন্য সংকেত দেন তারা। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে দিয়ে অন্ধকারের মধ্যে নাফ নদী সাঁতরে দ্রুত মিয়ানমারে পালিয়ে যায়।
উদ্ধার মাদকের মূল্য ৬ কোটি টাকার বেশি বলেও জানান তিনি।
প্রবা/ইউরি/ এসআর