বগুড়া অফিস
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৩০ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৪২ পিএম
দম্পতি শফিকুল ইসলাম ও তার স্ত্রী ছাবিনা ইয়াসমিন। প্রবা ফটো
বগুড়ায় ছয় মাসের সাজা এড়াতে ১০ বছর আত্মগোপনে থাকা এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৫ ফেব্রুয়ারি) রাতে ঢাকার বাড্ডা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বগুড়ার দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ সোমবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার দম্পতিরা হলেন- দুপচাঁচিয়া উপজেলার বেলভুজা গ্রামের শফিকুল ইসলাম ও তার স্ত্রী ছাবিনা ইয়াসমিন। তারা দুজনে অর্থ আত্মসাতের মামলায় ছয় মাসের সাজা এড়াতে আত্মগোপনে ছিলেন।
আবুল কালাম আজাদ বলেন, ‘গ্রেপ্তার দম্পতিদের মুরগির খাবারের ব্যবসা ছিল। ব্যবসায় বিনিয়োগ করতে তারা ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নেয়। পাওনাদারদের টাকা সময় মতো পরিশোধ করতে না পারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়। পরে ২০১৩ সালে অর্থ আত্মসাৎ মামলায় আদালত তাদের ছয় মাসের কারাদণ্ড দেন। রায়ের পর থেকে তারা আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান নিশ্চিত করে রবিবার মধ্যরাতে ঢাকার বাড্ডা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।’
তিনি বলেন, ‘সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’