বরগুনা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ০০:২৫ এএম
বেতাগী সদর ইউপির ৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. মনির সিকদার। প্রবা ফটো
বরগুনার বেতাগীতে সরকারি আবাসনের মালামাল বিক্রির মামলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. মনির সিকদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (৫ ফ্রেরুয়ারি) আদালতে হাজির হলে বরগুনার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মো. মাহবুবুল আলম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মনির বেতাগী সদর ইউপির ৪ নম্বর ওয়ার্ড সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক।
মামলার এজাহারে বলা হয়, সদর ইউনিয়নের ঝোপখালী গ্রামে সিডর পরবর্তী সরকারি আবাসন নির্মাণ করা হয়। আবাসনগুলো জরাজীর্ণ হয়ে পড়ায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উপজেলা প্রশাসন ভূমিহীনদের ঘর নির্মাণের উদ্যোগ নেয়। সেখানকার পুরানো টিন, লোহার এঙ্গেল ভেঙ্গে আবাসনের জায়গায় জমা রাখা হয়। কিন্ত ইউপি সদস্য মনির লোকজনের অগোচরে সেই মালামাল বাকেরগঞ্জের ভাঙারির দোকানে বিক্রি করেন। এ ছাড়া কিছু মালামাল সেখানকার জোবায়দা ফিলিং স্টেশনে ফেলে রেখে যাওয়ায় পুলিশ জব্দ করে।
এ ঘটনায় গত ২১ ডিসেম্বর ইউনিয়নের তহশীলদার মো. রিয়াজ হোসেন বাদী হয়ে মনিরসহ তিনজনের বিরুদ্ধে বেতাগী থানায় মামলা করেন।
ওই মামলায় উচ্চ আদালতের নির্দেশে চার সপ্তাহের জামিনে ছিলেন মনির। জামিনের মেয়াদ শেষ হওয়ায় উচ্চ আদালতের নির্দেশে রবিবার আদালতে হাজিরা দিতে যান তিনি। আদালত তার জামিন নামঞ্জুর করে কানাগারে পাঠান।