চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:২০ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ২০:০৬ পিএম
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম আয়োজিত গোলটেবিল বৈঠক। প্রবা ফটো
দুই বছরে ৫০টি কার্ডিয়াক অপারেশন সফলভাবে করার দাবি করেছে চট্টগ্রামের এভারকেয়ার হসপিটাল। কর্তৃপক্ষের দাবি, এসব অপারেশনে কেউ মারা যায়নি। সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
রবিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতালের অডিটোরিয়ামে ‘সব ধরনের চিকিৎসাসেবা মিলছে এভারকেয়ার হসপিটালে, তবে চট্টগ্রাম থেকে বিদেশ কেন?’ শীর্ষক একটি গোলটেবিল আলোচনায় এ দাবি করে হাসপাতাল কর্তৃপক্ষ।
এতে বিদেশে চিকিৎসা নিতে গিয়ে রোগীদের যেসব প্রতিবন্ধকতা ও ভোগান্তির সম্মুখীন হতে হয় তা নিয়ে আলোচনা করেন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানায়, রোগীরা উন্নত চিকিৎসা গ্রহণে এভারকেয়ার হসপিটালের ওপর সম্পূর্ণ আস্থা রাখতে পারেন। শুধু কার্ডিয়াক নয়, অন্য যে কোনো ধরনের জটিল রোগের উন্নত চিকিৎসা দিতে হাসপাতালটি বদ্ধ পরিকর।
চট্টগ্রাম মহানগরীর উত্তর-পূর্ব প্রান্তে কুয়াইশ এলাকায় নিরিবিলি পরিবেশে প্রায় পাঁচ লাখ বর্গফুট আয়তনের ৪৭০ শয্যা বিশিষ্ট অত্যাধুনিক হাসপাতালটি গড়ে তোলা হয়েছে। যাত্রা শুরুর পর থেকেই চিকিৎসাসেবায় চট্টগ্রামে অগ্রগামী প্রতিষ্ঠান হিসেবে আলাদা পরিচিতি পেয়েছে।
কর্তৃপক্ষ জানায়, হাসপাতালটি ইতোমধ্যে প্রথমবারের মতো অ্যাওয়েক ক্র্যানিওটোমি সার্জারি, বোন ম্যারো ট্র্যান্সপ্ল্যান্টেশন, বাইল্যাটেরাল নি রিপ্লেসমেন্ট সার্জারি, বোটক্স ব্যবহার করে সার্ভিক্যাল ডিসটোনিয়া, স্ট্রোক থ্রোম্বলোসিস প্রসিডিওর, ব্রেইন টিউমার রিমুভ্যাল সার্জারি, থোরাসিক এন্ডোভাসক্যুলার অ্যারোটিক রিপেয়ার (টিইভিএআর) প্রসিডিওর, ভার্টিব্রা জোড়া লাগানোর ক্ষেত্রে এমআইএস (মিনিম্যালি ইনভ্যাসিভ সার্জারি) এবং পেডিয়াট্রিক কার্ডিওলজি প্রসিডিওরসহ বেশকিছু মাইলফলক অর্জন করেছে।
বৈঠকে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার সামির সিং বলেন, ‘যারা দেশের বাইরে চিকিৎসা নিতে যান তাদের ভাষাসংক্রান্ত জটিলতা, অপরিচিত স্বাস্থ্যসেবা প্রদান ব্যবস্থা, দীর্ঘ অপেক্ষা এবং মাত্রাতিরিক্ত খরচসহ নানা ভোগান্তির সম্মুখীন হতে হয়। এ ছাড়া, নিজের বাড়ি ও প্রিয় মানুষদের কাছ থেকে দূরে অবস্থান করার কারণে অতিরিক্ত চাপ তৈরির ফলে মানসিকভাবে ভেঙে পরেন অনেকেই। এ ছাড়া ফলো-আপের জন্য আসা-যাওয়ার ঝামেলা, আর্থিক চাপ ও নিত্য জীবনযাপনে ব্যাঘাত তো আছেই। সেইসঙ্গে আছে মেডিক্যাল ভিসার অনিশ্চয়তা, ভিসার জন্য দীর্ঘ সময়ের অপেক্ষা এবং রোগীর সঙ্গীর কাজ থেকে ছুটি নেওয়াসহ নানান ঝামেলা।’
মেডিকেল সার্ভিস বিভাগের ডিরেক্টর ডা. দীপক সিং বলেন, ‘এভারকেয়ার হসপিটাল তাদের অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা এবং দক্ষ ও বিশেষজ্ঞ চিকিৎসক দলের মাধ্যমে চট্টগ্রামবাসীকে সর্বোচ্চ মানের সেবা দিচ্ছে, ফলে বিদেশ গিয়ে চিকিৎসা নেওয়ার প্রয়োজন নেই।’